তুলার দাম কমে যাওয়ায় ১০ হাজার চাষি বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার অনেক চাষি এবার অধিক লাভের আশায় তুলা চাষ করেছিলেন। বাজারে দাম কমে যাওয়ায় তাঁদের সে আশা পূরণ হয়নি। উপরন্তু উপকরণ ও শ্রমিক খরচ বাড়ায় লোকসান হবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন। সদর উপজেলার বুজরুক গড়গড়ি গ্রামের আকবর আলী জানান, তিনি গত বছর সাড়ে আট বিঘা জমিতে তুলা চাষ করেছিলেন। খরচ বাদে মোট লাভ করেছিলেন এক লাখ ২৭ হাজার ৮৮২ টাকা। বিঘাপ্রতি লাভ করেন ১৫ হাজার ৪৫ টাকা। চলতি মৌসুমে তিনি ২১ বিঘা জমিতে তুলার আবাদ করেন। কিন্তু উপকরণ ও শ্রমিক খরচ বাড়ায় এবং তুলার দাম প্রতি মণে ২২০ টাকা কমে যাওয়ায় লাভ তো দূরের কথা খরচই ওঠানো যাবে না।তুলা উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর চুয়াডাঙ্গায় ১০ হাজার কৃষক দুই হাজার ৩০০ হেক্টরে দেশি এবং ৬৫০ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের তুলা চাষ করেছেন। নভেম্বর মাসের মাঝামাঝি সময় তুলা বিক্রি শুরু হয়। গত মৌসুমে চুয়াডাঙ্গায় মোট এক হাজার ৩০০ হেক্টরে দেশি ও ১৫০ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের তুলা চাষ হয়। তুলাচাষি আবদুল মতিন জানান, গত মৌসুমে প্রতি কেজি উচ্চফলনশীল তুলা বীজের দাম এক হাজার ২০০ টাকা ছিল। এ মৌসুমে ওই বীজের দাম দুই হাজার ৪০০ টাকা করা হয়েছে। পাশাপাশি একজন শ্রমিকের মজুরি গত বছর ১২০ টাকা হলেও এ বছর ২০০ টাকা। সব মিলিয়ে বিঘাপ্রতি উৎপাদন খরচ বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা। আবদুল মতিন আরও জানান, গত মৌসুমে প্রতি মণ তুলার দাম দুই হাজার ৭৪০ টাকা ছিল। আর এ মৌসুমে প্রতি মণের দাম দুই হাজার ৫২০ টাকা। তাঁর এক বিঘা জমিতে ১৪ মণ তুলা হয়েছে। ওই তুলা তাঁকে গত বছরের তুলনায় তিন হাজার টাকা কমে বিক্রি করতে হচ্ছে। তুলা ক্রয়কারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ জিনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবের হোসেন জানান, ২০১০ সালে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশে প্রতি মণ তুলার দাম দুই হাজার ৭৪০ টাকা ছিল। চলতি বছর আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমে গেছে। এ কারণে তাঁরাও দাম কমাতে বাধ্য হয়েছেন।