তুলার দাম বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুলার দাম বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন চাষিরা। গতকাল বুধবার সকালে ঝিনাইদহের বারোবাজার এলাকায় যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে এই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁরা। এ সময় তাঁরা সড়কে তুলা ছিটিয়ে আগুন ধরিয়ে তুলার দাম কমানোর প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সাধারণ তুলাচাষিদের ব্যানারে বারোবাজারে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আবদুল গণি, শরিফুল ইসলাম, নজরুল ইসলামসহ কয়েকজন কৃষক। বক্তারা বলেন, গত বছরের তুলনায় এ বছর মণপ্রতি তুলার উৎপাদন খরচ প্রায় ৪০০ টাকা বেড়েছে। কিন্তু তুলার দাম মণপ্রতি কমেছে ৫০০-৬০০ টাকা। এতে চাষিরা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন। তাই তুলার গত বছরের দাম বহাল রাখার দাবি জানান তাঁরা। এ সময় রাস্তার ওপর তুলায় আগুন ধরিয়ে দাম কমানোর প্রতিবাদ জানানো হয়। পরে তাঁরা তুলার দাম বাড়ানোর দাবিতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন।
কালীগঞ্জ উপজেলার বারোবাজার ঘোপপাড়া গ্রামের তুলাচাষি শরিফুল ইসলাম জানান, বারোবাজার ও এর আশপাশের ২৯টি গ্রামে প্রায় ৯০০ তুলাচাষি আছেন। এ বছর এক হাজার ৭০০ বিঘা জমিতে তুলার চাষ হয়েছে। তিনি নিজেও তিন বিঘা জমিতে তুলা চাষ করেছেন। তিনি জানান, তুলা উন্নয়ন বোর্ড তুলাচাষিদের চাষাবাদে সহযোগিতা করে। কৃষকদের সার, কীটনাশক, সেচ খরচসহ নানা সহযোগিতা দেওয়া হয়। পরে তুলা উন্নয়ন বোর্ড ও তুলা ব্যবসায়ীরা একসঙ্গে বসে এর দাম নির্ধারণ করেন। এ বছর তাঁরা দাম নির্ধারণ করেছেন এক হাজার ৯০০ টাকা মণ, যা গত বছর ছিল দুই হাজার ৫২০ টাকা। সে হিসাবে এবার মণপ্রতি মূল্য কমানো হয়েছে ৬২০ টাকা।
কৃষক শরিফুল ইসলাম আরও জানান, এক বিঘা জমিতে তুলা চাষ করতে তাঁদের খরচ প্রায় ২৩ হাজার টাকা। সেখানে তাঁরা তুলা উৎপাদন করতে পারছেন আনুমানিক ১০ মণ। বিক্রি করলে আয় হচ্ছে ১৯ হাজার টাকা। হিসাব অনুযায়ী, তাঁদের বিঘাপ্রতি চার হাজার টাকা লোকসান দিতে হচ্ছে। অথচ গত বছর তুলার বিক্রয়মূল্য ছিল ২৫ হাজার ২০০ টাকা মণ। তখন খরচও ছিল ১৯-২০ হাজার টাকা। হঠাৎ দাম কমিয়ে দেওয়ায় তুলাচাষিদের পথে বসতে হবে।
কৃষক আবদুল আলিম জানান, এই অবস্থায় ভবিষ্যতে তুলার চাষ অনেক কমে যাবে। এখনই এ ব্যাপারে সরকার ও তুলা উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ জরুরি।
তুলা উন্নয়ন বোর্ডের বারোবাজার ইউনিটের প্রধান সফিউল আলম জানান, ‘আন্তর্জাতিক বাজারমূল্য কম থাকায় আমাদের দেশেও তুলার দাম কমানো হয়েছে। তবে এ কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’