তুলি আর কলমের আশ্রয়ে সংসদ ভবন

পৃথিবীর সবচেয়ে বড় সাংবিধানিক ভবন ঢাকার জাতীয় সংসদ ভবন। জগদ্বিখ্যাত এই ভবনটির স্থপতি হলেন লুই আই কান। যুক্তরাষ্ট্রের এই স্থপতিকে বাংলাদেশে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন বাংলাদেশের স্বনামধন্য স্থপতি মাজহারুল ইসলাম। স্থপতি লুই আই কানের এই স্থাপত্যধারাটির সঙ্গে পৃথিবীর বিখ্যাত ঐতিহাসিক স্থাপনার তুলনা করেন অনেকে। জীবনের প্রায় শেষ প্রান্তে এসে স্থপতি কান এই অনবদ্য স্থাপত্যধারাটি নির্মাণ করে এক চমক সৃষ্টি করেন, যা আধুনিকতাবাদের সীমানা পেরিয়ে অবস্থান নেয় অন্য এক আলোকে।
জাতীয় সংসদ ভবনটি দেখলে স্থপতিমাত্রই শিহরণ বোধ করেন। বিশ্বের সবচেয়ে বড় সাংবিধানিক ভবন হিসেবে খ্যাত এ ভবনটি দেখে এমনই শিহরণ বোধ করেন স্থপতি সাজিদ-বিন-দোজা। তাই তো নানা রূপে, নানাভাবে স্কেচ করে চলেছেন জাতীয় সংসদ ভবনকে। যা নিয়ে তিনি সাজিয়েছেন নিজের অষ্টম একক স্কেচ প্রদর্শনী ‘জনারণ্যে নীরবতা’।

শুক্রবার আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন হয়েছে, যা করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি ছিলেন স্থপতি-কবি রবিউল হুসেইন। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির এবং এলিট পেইন্টের পরিচালক সাজির আহমেদ।
প্রদর্শনী দেখে মনে হয়েছে স্থপতি সাজিদ-বিন-দোজার এই প্রদর্শনীটি ভিন্নধর্মী সচেতনতা সৃষ্টির একটি প্রয়াস। ‘জনারণ্যে নীরবতা’ শীর্ষক এই একক প্রদর্শনীটিতে স্থপতি সাজিদ-বিন-দোজার তুলি ও কালির ছোঁয়ায় বিশাল আকারের স্থাপত্যটি বিভিন্ন রূপ, বিভিন্ন সময়ের এবং বিভিন্ন বস্তুর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে তাঁর চিত্রপটে। তিনি সংসদ ভবনটিকে কখনো পদ্মপাতার জলাশয়, কখনো ইট-কংক্রিটের মাঝে আবার কখনো অন্ধকার রাতে কেমন করে তিনি দেখেন, তা সুবিন্যস্ত করেন তার জাদুর তুলি আর কলমের মাধ্যমে।

শিল্পী সাজিদ বলেন, ‘নাগরিক ব্যস্ততায় আমরা এই অনিন্দ্যসুন্দর স্থাপত্যশিল্পের কথা প্রায় ভুলেই গিয়েছি। নগর-জটিলতা আর কোলাহলের ভিড়ে আমরা এই স্থাপনাটির কাছ থেকে অনুপ্রেরণা নিতে শিখছি না মোটেও। তাই সবাইকে একবারের জন্য হলেও গ্যালারিতে এসে এই সুবিন্যস্ত স্থাপত্যটিকে একটু অন্যভাবে দেখার অনুরোধ জানাই।’
৯ দিনের এ প্রদর্শনীটি চলবে ১১ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।