কাল বুধবার সরস্বতী পূজা। শেষ মুহূর্তে চলছে বিদ্যাদেবীকে অপরূপ সাজে সাজিয়ে তোলার প্রস্তুতি। মৃৎশিল্পীরা রংতুলির আঁচড় দিচ্ছেন দেবীর কাঠামোতে। এ উপলক্ষে কুমিল্লা নগরের বিভিন্ন মন্দিরে বানানো হচ্ছে বিদ্যাদেবীর মূর্তি। নগরের দক্ষিণ ঠাকুরপাড়া কালীগাছতলা ও শিবমন্দির, কান্দিরপাড় কাত্যায়নী কালীবাড়ি, চানময়ী কালীবাড়ি, দেশওয়ালীপট্টি ও মনোহরপুর রাজেশ্বরী মন্দিরে চলছে কাজ। এ প্রসঙ্গে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রাম থেকে আগত মৃৎশিল্পী রমেশ পাল বলেন, প্রতিবছরের মতো এবারও বড় আকারের প্রতিটি মূর্তির দাম ১২ থেকে ১৫ হাজার টাকা। মাঝারি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ রাখা হচ্ছে।