তুলে নিয়ে যাওয়া কলেজশিক্ষককে ফিরে পেতে জিডি

রাজশাহীর চারঘাটে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া কলেজশিক্ষক শফিকুর রহমানের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর শ্বশুর নজরুল ইসলাম আজ রোববার সকালে চারঘাট থানায় জিডিটি করেন।
জিডিতে শফিকুর রহমানের চেহারার ও পোশাকের বর্ণনা দেওয়া হয়। বলা হয়, কলেজের উদ্দেশে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি।
গতকাল শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার অনুপমপুর এলাকা থেকে শফিকুর রহমান ও তাঁর আরেক সহকর্মী বজরুল ইসলামকে তুলে নেওয়া হয়। তবে পাবনার দাশুড়িয়া এলাকায় গিয়ে বজরুলকে ছেড়ে দিয়েছেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ তাঁদের তুলে আনেনি। লোকমুখে ঘটনা শোনার পর থেকেই তাঁরা খোঁজাখুঁজি শুরু করেছেন।
রাজশাহী র্যাব-৫-এর উপ-অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, র্যাব ওই দিকে কোনো অভিযান চালায়নি।
শফিকুর রহমানের মা নূরজাহান বেগম সাংবাদিকদের বলেছেন, তাঁর ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। কী জন্য ছেলেকে নিয়ে গেছে, তাঁরা কিছুই জানেন না।
শফিকুর রহমান উপজেলার ডাকরা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। তাঁর বাড়ি উপজেলার আস্করপুর গ্রামে। আর বজরুল ইসলাম একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তাঁর বাড়ি চারঘাটের রায়পুর গ্রামে। তিনি চারঘাট উপজেলা সদরে একটি ভাড়াবাড়িতে থাকেন। বেশির ভাগ দিনই শিক্ষক শফিকুর রহমানের মোটরসাইকেলে চেপে বজরুল ইসলাম বাসায় ফেরেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, গতকাল বেলা প্রায় পৌনে ১১টার দিকে শফিকুর রহমানের মোটরসাইকেলের পেছনে চেপে বজরুল ইসলাম বাসায় ফিরছিলেন। তাঁরা যখন অনুপমপুর উচ্চবিদ্যালয়ের পাশে এসে পৌঁছান, তখন পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তাঁদের পথ আগলে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে কালো রঙের একটি মাইক্রোবাস তাঁদের পাশে এসে দাঁড়ায়। মাইক্রোবাসের ভেতর থেকে কয়েকজন বের হয়ে শফিকুর রহমান ও বজরুল ইসলামকে গাড়ির ভেতরে তুলে নেয়। গাড়ির একজন শফিকুরের মোটরসাইকেলটি চালিয়ে গাড়ির সঙ্গে সঙ্গে চারঘাট উপজেলা সদরের দিকে যায়।
বেলা একটার দিকে মুক্তি পান বজরুল ইসলাম। গতকাল বিকেলে প্রথম আলোকে তিনি বলেন, তাঁর ধারণা, গাড়িতে সাত-আটজন লোক ছিল। গাড়িতে তোলার পরপরই তাঁদের চোখ বেঁধে ফেলা হয়। তাঁরা দুজনেই কান্নাকাটি করছিলেন। তাঁদের কান্নাকাটি করতে বারণ করা হয়। কিছুক্ষণ পর তাঁর হাতে কিছু টাকা গুঁজে দিয়ে পকেটে রাখতে বলে তারা। একপর্যায়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বললে, সোজা চলে যাবেন, পেছন ফিরে তাকাবেন না। চোখ খোলার পর তিনি জায়গাটা চিনতে পারেননি। এক অটোরিকশাচালকের কাছ থেকে জানতে পারেন, তিনি পাবনার দাশুড়িয়া থেকে একটু পূর্ব দিকে রয়েছেন। এরপর তিনি ঈশ্বরদী ও বাঘা হয়ে বাড়ি ফেরেন।