রাজশাহীর বাগমারা উপজেলায় চার ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ১৫ দিনেও তাঁদের সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি তাঁদের স্বজনেরা দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে সাদাপোশাকে কয়েক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ইমন, হামিরকুৎসা গ্রামের মো. মোস্তাক, মাড়িয়া ইউনিয়নের শিকদারীল গ্রামের শুকুর আলী ও বালিয়া গ্রামের আনিসুর রহমানকে তুলে নিয়ে যান।
গতকাল সকালে বালিয়া গ্রামের নিখোঁজ আনিসুর রহমানের বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আনিসুর রহমান, মো. মোস্তাক ও শাহ আলমের স্বজনেরা বলেন, ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে ১০-১২ জন লোক সাদাপোশাকে বাড়িতে আসেন। এ সময় তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। তাঁরা ওই ব্যক্তিদের ধরে গাড়িতে করে নিয়ে যান। পরের দিন তাঁরা বিভিন্ন বাহিনীর দপ্তরে গিয়েও নিখোঁজ ব্যক্তিদের খোঁজ পাননি। শাহ আলমের বড় ভাই শাহনেওয়াজ বলেন, তাঁর ভাইকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে। তাঁর কাছে পুলিশ কর্মকর্তা পরিচয়ে কয়েক দফা মুঠোফোনের মাধ্যমে চাঁদা দাবি করা হয়েছে। এ বিষয়ে থানা-পুলিশকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি।
বাগমারা থানার ওসি সেলিম হোসেন গতকাল দুপুরে বলেন, জিডি নেওয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মতিয়ার রহমান বলেন, ওই চার ব্যক্তিকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। র্যাব-৫-এর কর্মকর্তারা জানিয়েছেন, র্যাব তাঁদের ধরেনি। তাঁদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।