তুলে নেওয়া স্কুলছাত্রকে অবশেষে গ্রেপ্তার দেখাল র্যা ব
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ উচ্চবিদ্যালয় থেকে সাদাপোশাকে তুলে নেওয়া স্কুলছাত্র মোবারক হোসেনকে (১৬) গতকাল বুধবার রংপুরে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে র্যা ব।
র্যা ব-১৩-এর সহকারী পুলিশ সুপার (আইন কর্মকর্তা) আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, মোবারক হোসেনকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি গত ৬ মে কোতোয়ালি থানায় করা হয়েছিল। এজাহারে তার নাম রয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে র্যা ব-১৩-এর সদস্য পরিচয়ে সাদাপোশাকের কয়েকজন লোক শিক্ষকদের সামনে থেকে মোবারককে তুলে নিয়ে যান। র্যা ব-১৩-এর পক্ষ থেকে সেদিন এ ধরনের অভিযানের কথা অস্বীকার করা হয়েছিল। তবে নাটোর র্যা ব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, মোবারককে র্যা ব-১৩-এর সদস্যরা নিয়ে গেছেন বলে তাঁরা নিশ্চিত।
রংপুর মুখ্য মহানগর হাকিমের আদালতের আইনজীবী সাহাদত হোসেন গতকাল বলেন, ‘আটক স্কুলছাত্র মোবারক হোসেনকে রংপুর কোতোয়ালি থানার একটি সন্ত্রাস দমন আইনের এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেল পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি। স্কুলছাত্রের পরিবারের পক্ষ থেকে আমাকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। বিকেল পর্যন্ত আদালতে অপেক্ষা করে বাসায় চলে এসেছি।’
সাহাদত হোসেন বলেন, আজ বৃহস্পতিবার মামলার কাগজপত্র তুলে মোবারকের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা দেখা হবে।