তুলে নেওয়া হলো সংখ্যালঘুর নলকূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় শ্রীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের এক নেতা জয়ী হয়েছেন। তাঁকে ভোট না দেওয়ার অভিযোগ এনে তাঁর সমর্থকেরা সংখ্যালঘুদের বাড়ির নলকূপ তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, গত ১৮ জুন শ্রীপুর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মৃধা এবং শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল হোসেনের সমর্থক হিসেবে পরিচিত চাইপাড়া গ্রামের প্রভাবশালী বিবেক প্রামাণিক ও যুগলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে গত মঙ্গলবার সকালে একই গ্রামের শীতল প্রামাণিক ও বিকাশ চন্দ্রের বাড়িতে যান। তাঁদের বাড়িতে সরকারিভাবে নলকূপ দেওয়ার পরও কেন তাঁরা আওয়ামী লীগের নেতাকে ভোট দেননি, এর কৈফিয়ত চান। জবাব না পেয়ে একপর্যায়ে তাঁরা নলকূপ তোলা শুরু করেন। এ সময় বাড়ির লোকজন বাধা দিতে গেলে তাঁদের হুমকি দেওয়া হয়। পরে তাঁরা ওই বাড়িতে বসানো দুটি নলকূপ উঠিয়ে নিয়ে যান। একই অভিযোগে কয়েক দিন আগে গোয়ালকান্দা গ্রামের মামুনুর রশিদের বাড়ি থেকেও নলকূপ তুলে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ওই গ্রামে গিয়ে নলকূপ উঠানোর আলামত পাওয়া যায়। নলকূপের পাইপসহ পুরোটাই তুলে নিয়ে যাওয়া হয়েছে। ওই গ্রামের বাসিন্দা শিরীষ চন্দ্র অভিযোগ করেন, তাঁদেরও হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা কেন আওয়ামী লীগের নেতাকে ভোট দেননি—এমন অভিযোগ তুলে প্রভাবশালীরা তাঁদের ভয় দেখাচ্ছেন। হুমকিদাতা ও যাঁরা নলকূপ তুলে নিয়ে যাচ্ছেন, সবাই মকবুল চেয়ারম্যানের লোক। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। বিবেক প্রামাণিক মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মঙ্গলবার সকালে আমি বাজারে ছিলাম। আমি প্রভাবশালী কেউ নই।’ শ্রীপুর ইউপির সাবেক সদস্য আজাদ রহমান জানান, তাঁর সময়ে বিভিন্ন প্রকল্প থেকে চাইপাড়ার হিন্দুপাড়ায় নলকূপ দেওয়া হয়েছিল। সেগুলোই উঠানো হয়েছে। পরাজিত চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেন অভিযোগ করেন, তাঁকে ভোট দেওয়ায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। তবে আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন মৃধা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কেউ ব্যক্তিগত আক্রোশে এসব করতে পারেন। এটা তাঁর নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত নয়।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, তিনি ঘটনাটি শোনেননি। তাঁর কাছে কেউ অভিযোগও করতে আসেনি।