তুলে নেওয়ার পর হাইকোর্টে পুলিশের 'বানানো' প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক এক বছর আগে জেসমিন নাহারের স্বামী মোখলেছুর রহমানকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিন থানায় স্বামীর জন্য খাবার দিয়ে আসেন জেসমিন। কনস্টেবলের হাতে খাবার দেওয়ার পর সেটা স্বামীকে নিতেও দেখেছিলেন। কিন্তু তিন দিনের মাথায় পুলিশ বলতে শুরু করে, মোখলেছুর নামে কাউকে তারা আটক করেনি।

মোখলেছুর রহমান যখন নিখোঁজ হন, তখন জেসমিন ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা। এক বছরে জেসমিন জানেন না তাঁর স্বামী কোথায়। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীকে যে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, তার অনেক প্রমাণ আছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেগুলো দিয়েছেন। বিচারিক তদন্তেও জেসমিনের দাবির সত্যতা মিলেছে। ওই তদন্তে বলা হয়েছে, পুলিশ এ বিষয়ে উচ্চ আদালতে যে প্রতিবেদন দিয়েছে, সেটি ‘সৃজিত’ (বানানো)। জেসমিনই সত্য বলেছেন।

জেসমিনের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট সাতক্ষীরার নিউমার্কেট এলাকা থেকে তাঁর স্বামী মোখলেছুর রহমান (জনি) নিখোঁজ হন। তিনি তাঁর বাবার জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন। সেখান থেকে উপপরিদর্শক মো. হিমেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই দিন রাত ১টার দিকে পুলিশ তাঁদের সাতক্ষীরার বাসা তল্লাশি করে। পরদিন তিনি ও তাঁর শ্বশুর থানায় গিয়ে মোখলেছুরকে খাবার দিয়ে আসেন। সেখানে তাঁর সঙ্গে সোনামণি নামের এক নারীর দেখা হয়। তাঁর স্বামীও হাজতে ছিলেন। জেসমিন তাঁর বক্তব্যের সমর্থনে এসআই হিমেলের সঙ্গে তাঁর ৪ মিনিট ১০ সেকেন্ডের একটি কথোপকথনের অডিও রেকর্ড জমা দেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ মাসুদ হাইকোর্টে জেসমিন নাহারের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ৬ জুন তদন্ত শুরু করেন। তদন্তের সময় অভিযোগকারী, অভিযুক্তসহ সংশ্লিষ্ট ২৩ জনের সাক্ষ্য নেন। ম্যাজিস্ট্রেট সোনামণিকে খুঁজে বের করেন এবং তাঁর সাক্ষ্যও নেন। সোনামণির স্বামী আসাদুর নাম বলতে পারেননি মোখলেছুর রহমানের। তবে থানাহাজতে তাঁকে কখনো হাফ হাতা গেঞ্জি ও প্যান্ট এবং কখনো লুঙ্গি পরা অবস্থায় দেখেছেন বলে জানান। ম্যাজিস্ট্রেট হাসান ও আমিনুল ইসলাম নামে একই সময়ে হাজতে থাকা আরও দুজনের সাক্ষ্য নেন। হাসান ম্যাজেস্ট্রেটকে জানান, মোখলেছুরের বাড়ি থেকে আনা খাবার তাঁরা ভাগ করে খেয়েছিলেন। আমিনুল ইসলামও মোখলেছুরকে হাজতে দেখেছেন বলে জানান।

পুলিশের কথায় গরমিল

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট হাবিবুল্লাহ মাসুদ উপপরিদর্শক হিমেলের কাছে অডিও রেকর্ড সম্পর্কে জানতে চান। তিনি এই রেকর্ড সম্পর্কে কোনো মন্তব্য করেননি। অডিও রেকর্ডে উপপরিদর্শক হিমেলকে জেসমিনের সঙ্গে কথা বলতে শোনা যায়। একপর্যায়ে তিনি বলেন, ‘রাশেদ, আনোয়ারা, মোখলেছুর প্রত্যেকের নামের পাশে ভোটার কার্ড, এনআইডি নম্বর দিয়ে দিবা।’ হাবিবুল্লাহ মাসুদ বলেন, অডিও রেকর্ডটি যে হিমেলের, সে ব্যাপারে তিনি নিশ্চিত। হিমেল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক একরামুল হাবিবকে বলেন, মোখলেছুর রহমান নামে কাউকে গ্রেপ্তারের কোনো অ্যাসাইনমেন্ট তাঁর ছিল না।

হাইকোর্টে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব যে তদন্ত প্রতিবেদন জমা দেন, সেখানে তিনি বলেন, এসআই হিমেল ওই দিন সকাল ১০টা ৫ মিনিটে বের হয়ে ঝাউডাঙা বল্লি বিটে দায়িত্ব পালন করেন এবং ৫ আগস্ট ভোরবেলা জুল হাসান নামে একজন আসামিকে গ্রেপ্তার করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থানায় জিডির কপিগুলো পরীক্ষা করে দেখেন যে জুল হাসান ৩ আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন। তাঁকে গ্রেপ্তার করেছিলেন উপপরিদর্শক কালাম ও আবদুল মালেক। ৬ তারিখ তাঁকে ছেড়েও দেওয়া হয়েছিল। হাইকোর্টে হাবিবুল্লাহ মাসুদ যে প্রতিবেদন জমা দেন, সেখানে তিনি মন্তব্য করেন, ‘মহামান্য হাইকোর্টে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, সেই প্রতিবেদনে এসআই হিমেল যাঁকে গ্রেপ্তার করেছেন বলে বলা হচ্ছে, তা সঠিক নয় এবং ‘সৃজিত’। জিডিতে এ ধরনের অনিয়মের বিষয় আগেও পরিদর্শনে উদ্ঘাটিত হয়েছে।’