তুষখালী সেতুটি পাঁচ বছর ধরে ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারের ঝুঁকিপূর্ণ লোহার সেতু দিয়ে পাঁচ বছর ধরে পারাপার হচ্ছে এলাকাবাসী। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।তুষখালী নিউসান কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তায়েবা আক্তার (৯) বলে, ‘সেতুটি পার হওয়ার সময় খুবই ভয় লাগে। যতক্ষণ সেতুর ওপর থাকি ততক্ষণ পড়ে যাওয়ায় আতঙ্কে থাকি।’খোঁজ নিয়ে জানা গেছে, তুষখালী বাজারসংলগ্ন তুষখালী খালের ওপর এলজিইডি ১৯৯২-৯৩ অর্থবছরে ৪৫ মিটার দৈর্ঘ্যের লোহার সেতুটি নির্মাণ করে। নির্মাণের পর ২০ বছরেও সংস্কার করা হয়নি। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সেতুর আরসিসি স্লাব ভেঙে গেছে। লোহার ভিমগুলো আঁকাবাঁকা হয়ে হেলে পড়েছে। তুষখালী বন্দর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস তালুকদার বলেন, সেতুটি দিয়ে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বন্দরের ব্যবসায়ী ও স্থানীয় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে ব্যবসায়ীদের উদ্যোগে কাঠ দিয়ে মেরামত করে কোনোমতে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। তুষখালী বাজারের ব্যবসায়ী মো. খলিলুর রহমান বলেন, প্রতিদিন বিদ্যালয়গামী শিশুসহ কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছে। সেতু পারাপার হতে গিয়ে বৃদ্ধ ও শিশুদের প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, সেতুটি মেরামতের একটি প্রাক্কলন অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু বর্তমানে এলজিইডি লোহার সেতু নির্মাণ না করায় প্রস্তাবটি অনুমোদন হয়নি।