তুষের আগুনে পিঠার আয়োজন ম্লান
ইচ্ছা ছিল পরিবারের সবাইকে নিয়ে শীতের পিঠা খাওয়ার। কিন্তু তুষের আগুন তাঁদের সেই আয়োজন ম্লান করে দিয়েছে।জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আশ্রয়ণকেন্দ্রে শাহেদা বেগমের ঘরে সোমবার রাতে পূর্ণোদ্যমেই চলছিল শীতের পিঠা তৈরির আয়োজন। ছেলেমেয়েদের নিয়ে পিঠা খাওয়ার জন্য সাধ্যমতো আয়োজন ছিল তাঁর। মঙ্গলবার সকালে নিকটাত্মীয় দুই-একজনের আসারও কথা ছিল। কিন্তু ওই রাতে তুষের আগুন তাঁদের সব আয়োজন ম্লান করে দিল।তুষ জ্বালিয়ে মাঝরাত অবধি পিঠা তৈরি শেষে শাহেদা বেগম ঘুমিয়ে পড়েন। চুলার চারপাশে ছিল আরও তুষের স্তূপ। রাতে চুলার আগুন ওই তুষের স্তূপ হয়ে ঘরের বেড়ায় লাগে। গতকাল মঙ্গলবার ফজরের আজানের সময় হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে শাহেদার। ততক্ষণে নিজেদের জীবন রক্ষা ছাড়া আশ্রয়ণকেন্দ্রের ১০ দিনমজুর পরিবারের কেউ কিছুই বের করতে পারেনি। আগুনে লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়। পরে স্থানীয় লোকজনের সঙ্গে রাজবাড়ীর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।গতকাল সকালে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী ও গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় সাংসদ তাৎক্ষনিকভাবে ক্ষতিগস্ত প্রতিটি পরিবারকে এক হাজার টাকা, ২০ কেজি চাল ও একটি করে শীতবস্ত্র দেওয়ার ঘোষণা দেন।