তুহিন বারোতে ‘বুড়ো’ পথ খুঁজছেন মা-বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছলডার বয়স ১২—এডা কেউ বিশ্বাসই করবার চায় না। জন্ম থাকে (থেকে) ওকে অনেক ডাক্তার-কবিরাজ দেকাচি। কোনো লাভ পায়নি। ওর বয়স যত বাড়োচে ততই বুড়িয়ে যাওচে।’ কথাগুলো বলতে বলতে দীর্ঘশ্বাস ফেললেন তাসলিমা বেগম। দীর্ঘশ্বাসের কারণ বড় ছেলে তুহিন ইসলাম। তাসলিমা বেগমের বাড়ি জয়পুরহাটের কালাই পৌর এলাকায়। নিজে এবং স্বামী আজিবর রহমান অন্যের বাড়িতে কাজ করেন। ঘরে তিন ছেলে। তুহিন ইসলামকে নিয়ে আজিবর-তাসলিমা দম্পতির কষ্টের অন্ত নেই। তুহিন যে বৃদ্ধ মানুষের চেহারা নিয়ে জন্ম নিয়েছিল!তুহিন ইসলাম হাতিয়র বহুমুখী সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। বয়স ১২ বছর। কিন্তু তার শরীর ও মুখের চামড়া বৃদ্ধ মানুষের মতো কুঁচকে যাওয়া। লোকজন তাকে ‘বুড়ো’ বলে ডাকে। সমবয়সী ও সহপাঠীরা তাকে খেলায় নিতে চায় না। অনেকে নির্দয় উপহাস করে। প্রায়ই তুহিন ও তার মা-বাবাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তুহিন ইসলাম বলে, ‘আমাকে খেলতে নিতে চায় না। ওরা বলে, আমি ‘বুড়ো। অথচ মা-বাবা বলেন, আমার বয়স মাত্র ১২ বছর। কষ্ট পাই। প্রতিবাদ করতে পারি না। আয়নার সামনে দাঁড়ালে আমাকে বুড়ো বুড়ো মনে হয়।’ কালাই পৌর এলাকার দুরুঞ্জ মহল্লার একটি খুপরিঘরে আজিবর-তাসলিমা তিন ছেলে নিয়ে থাকেন। মাটির ঘরে পুরোনো খড়ের ছাউনি। ছাউনির খড় পচে নষ্ট হয়ে গেছে। চাল চুইয়ে বৃষ্টির পানি পড়ে। জমিজমা বলতে ঘরটুকুই সম্বল।আজিবর রহমান বলেন, আঁতুড়ঘর থেকেই তুহিনের শারীরিক গঠন ছিল বুড়ো মানুষের মতো। বয়স যত বাড়ছিল, ধীরে ধীরে ও তত বেশি বুড়ো হয়ে যাচ্ছিল। তিনি বলেন, ‘ছেলেটা ঘন ঘন সর্দি-জ্বরে আক্রান্ত হয়। আছে অ্যাজমার সমস্যা। অল্প হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ে। ভারী কোনো কাজ করতে পারে না।’ তাদের ছোট দুই ছেলে স্বাভাবিক। তুহিন ইসলাম জানায়, প্রথমে সে কালাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু রাস্তাঘাটে লোকজন তাকে ঘিরে ধরত, কেউ কেউ উপহাস করত। তাই বাধ্য হয়ে বাড়ির পাশের মাদ্রাসায় ভর্তি হয়।হাতিয়র বহুমুখী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, ‘তুহিন আচার-আচরণে অন্য সব ছেলেদের মতোই স্বাভাবিক। বুড়িয়ে যাওয়া ছাড়া তার আর কোনো সমস্যা নেই। সে লেখাপড়ায়ও খুব ভালো।’ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু হোসেন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘বুড়ো’ হয়ে জন্ম নেওয়াটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘প্রোজেরিয়া’ বলে। হরমোনজনিত সমস্যার কারণে এমন হতে পারে। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হলে তার জন্মগত ‘বুড়ো’ হওয়ার কারণ হয়তো জানা সম্ভব হবে।তুহিনের মা-বাবা জানেন না, চিকিৎসা করে ছেলেকে স্বাভাবিক জীবনে আনা সম্ভব কি না। কোথায় কোন চিকিৎসকের কাছে যেতে হবে তাও জানেন না তাঁরা। ১২ বছর ধরে তারা শুধু দীর্ঘশ্বাসই ফেলছেন, কোনো পথ খুঁজে পাচ্ছেন না।