তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর কটূক্তি করার অভিযোগে করা একটি মামলায় আইনজীবী তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন এই আদেশ দেন। আদালত আগামী ১০ ফেব্রুয়ারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক গোলাম রব্বানী গত ৯ ডিসেম্বর তুহিন মালিকের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে তুহিন মালিককে ১৩ জানুয়ারি হাজির হওয়ার জন্য সমন জারি করেন। গতকাল তুহিন মালিক হাজির না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ৩০ নভেম্বর পূর্ব লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন মিলনায়তনে এক আলোচনা সভায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে কটূক্তি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানিকর বক্তব্য দেন তুহিন মালিক। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর কটূক্তি করেন।