তুহিনের পুরোপুরি সুস্থ হওয়া নিয়ে সংশয়, আটক ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন পুরোপুরি সুস্থ হবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না। আজ শুক্রবার তুহিনের অস্ত্রোপচার করা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রথম আলো ডটকমকে এ কথা জানান।

চিকিত্সক জাহাঙ্গীর আলম বলেন, তুহিনের শরীরের ডান পাশ ক্ষতবিক্ষত হয়ে গেছে। তবে বাম দিকেও বেশ আঘাত লেগেছে। তাঁর বাম পায়ের গোড়ালিতে লাগা আঘাত তেমন গুরুতর নয়, যদিও হাড়ে বেশ আঘাত লেগেছে। তবে ডান পায়ের গোড়ালির পেছনের রগ কেটে গেছে। এখানে ৩০ থেকে ৪০টি কোপ পড়েছে। দুই হাড়ের সংযোগস্থলে বেশ কিছু কোপ লেগেছে। ডান পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত অনেকগুলো কোপ লেগেছে। ডান হাতের তর্জনীর পুরোটাই পড়ে গেছে। ডান হাতের কনিষ্ঠ আঙুলটি কোনোমতে লেগে আছে। এটি জোড়া না লাগলে ফেলে দিতে হতে পারে।

এ ছাড়া তুহিনের ডান হাতের রগ কয়েক খণ্ড হয়ে গেছে। ডান কানের আঘাতে সেলাই লেগেছে। পিঠেও কোপানোর কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে। তিনি জানান, এ মুহূর্তে তুহিনের জীবনের ঝুঁকি নেই। তবে পুরোপুরি সুস্থ হবেন কি না, তা বলা যাচ্ছে না।

তুহিনের বাবা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ হোসেন আলী শেখ অভিযোগ করেন, ছাত্রশিবিরের কর্মীরা তুহিনকে এভাবে কুপিয়ে জখম করেছেন।

তুহিনের মা দেলোয়ারা ইয়াসমিন বলেন, যখন তুহিনের ওপর হামলা শুরু হয়, তখন তিনি তুহিনের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকলে তুহিন চিত্কার করতে থাকেন। অপর প্রান্ত থেকে মা সেই চিত্কার শুনতে পান।

তুহিনের স্বজনেরা জানান, তুহিন হামলাকারীদের চিনতে পেরেছেন বলে তাঁদের জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল এলাকায় তুহিনের ডান হাত ও ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শাওন সরকার ডান হাতে গুলিবিদ্ধ হন।

ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১০ জন ভর্তি-পরীক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহান বলেন, ‘গত রাতে অভিযান চালিয়ে বিনোপুর এলাকার কয়েকটি ছাত্রাবাস থেকে ১৩ জনকে আটক করা হয়। আটক হওয়া তরুণদের মধ্যে ১০ জনই ভর্তি-পরীক্ষার্থী। তাঁদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।’

ছাত্রলীগের অভিযোগ, ছাত্রশিবিরের ক্যাডাররা এ হামলা চালিয়েছে। তবে অভিযোগের ব্যাপারে জানতে ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম ও প্রচার সম্পাদক জিয়াউদ্দিন হাসিবের মুঠোফোনে যোগাযোগ করে তাঁদের পাওয়া যায়নি।

গত ২০ জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে মিজানুর রহমানকে সভাপতি ও এস এম তৌহিদ আল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।