তুড়ি মেরে মামলা উড়িয়ে দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ-প্রক্রিয়াসংক্রান্ত দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে করা মামলার প্রধান আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী ফেরদৌসকে কারাগারে পাঠানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে আসামিদের সাত দিনের রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ শাহ আলম জামিনের আবেদন করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে মহানগর হাকিম এম এ সালাম জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গতকাল আসামি মোশাররফ হোসেন আদালতকে বলেন, পদ্মা সেতু নির্মাণে তিনি কোনো দুর্নীতি করেননি। বিশ্বব্যাংক ও মন্ত্রীর অনুমোদন নিয়ে সব কাজ করা হয়েছে। মামলা বিচারে গেলে তিনি কোনো আইনজীবী রাখবেন না। বিচারের সময় তাঁর বিরুদ্ধে আনীত এ মামলা তুড়ি মেরেই উড়িয়ে দেবেন। তিনি যে নির্দোষ, এ প্রমাণ তাঁর কাছে আছে। আদালত তাঁর আদেশে বলেন, ‘আসামিদ্বয় অপর আসামিদের সহায়তায় পরস্পর লাভবান হওয়ার উদ্দেশ্যে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এসএনসি-লাভালিনকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে বলে অভিযোগ রয়েছে। মামলা তদন্তাধীন, এ পর্যায়ে আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।’