তৃণমূল নারীদের অবহেলিত রেখে উন্নয়ন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল নারীদের অবহেলিত রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল বুধবার সকালে সিলেট সার্কিট হাউস মিলনায়তনে ‘তৃণমূল নারীর ক্ষমতায়ন’ বিষয়ক এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
সিলেট-মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত এই সাংসদ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিষ্ঠিত নারীদের নিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভায় অংশ নেন।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সৈয়দা জেবুন্নেছা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিলেট জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেজিয়া বেগম, জাতীয় মহিলা সংস্থা সিলেটের সভানেত্রী রুবি ফাতেমা ইসলাম, আওয়ামী লীগের নেত্রী সালমা বাছিত, আছমা কামরান, সাংবাদিক হাসিনা বেগম, উইমেন্স বিজনেস ফোরামের সভানেত্রী স্বর্ণালতা রায়, সিটি করপোরেশনের কাউন্সিলর শামীমা স্বাধীন, নারী উদ্যোক্তা সোসাইটি সিলেটের সভানেত্রী বিলকিস নূর, মারিয়ান চৌধুরী, উন্নয়নকর্মী ইন্দ্রানী সেন প্রমুখ।
সভায় কেয়া চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার তৃণমূল নারীদের উন্নয়নে অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে আরও কাজ করার জন্য তৃণমূল নারীদের ক্ষমতায়তনে তাদের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে হবে। এ জন্যই আমি শহর-গ্রামাঞ্চলে ঘুরে নারীদের সঙ্গে কথা বলে এসব বিষয় জানার চেষ্টা করছি।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসাধারণ সম্পাদক কেয়া চৌধুরী সিলেটে তৃণমূল নারীর ক্ষমতায়ন প্রকল্পের জন্য দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটে একটি ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা, জাতীয় মহিলা সংস্থার ট্রেড বৃদ্ধি, ট্রেনিং সেন্টারের উন্নয়নসহ নারীদের উন্নয়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
‘সিলেট নারীর ক্ষমতায়ন’ কমিটি গঠন: সভা শেষে সাংসদের উপস্থিতিতে সভায় সর্বসম্মতিক্রমে সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হককে প্রধান উপদেষ্টা, মারিয়ান চৌধুরীকে আহ্বায়ক, রুবি ফাতেমা ইসলামকে সদস্যসচিব ও ইন্দ্রানী সেনকে কোষাধ্যক্ষ করে ২৩ সদস্যবিশিষ্ট ‘সিলেট নারীর ক্ষমতায়ন’ কমিটি গঠন করা হয়। এ কমিটি প্রতি মাসে সংগঠনের কার্যক্রম নিয়ে নিয়মিত সভা করার সিদ্ধন্ত নেয়।