তৃণমূল নেতাদের করণীয় জানাতে বিএনপির প্রতিনিধি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে, ১৭ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে তা নির্ধারিত হবে। তাই দলীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে তৃণমূল বিএনপির প্রতিনিধি সভায় মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাদের করণীয় সম্পর্কে জানাতে এই সভার আয়োজন করা হয়। এ নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলমও সভায় বক্তব্য দেন। সভায় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে নগরের ১১টি থানা ও ৪১টি ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। সভায় আমীর খসরু তৃণমূল নেতাদের উদ্দেশে বলেন, ‘আমাদের নেত্রী চট্টগ্রাম সিটি নির্বাচন সম্পর্কে প্রতিদিন খবরাখবর নিচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ কি না, তা তিনি জানতে চেয়েছেন। আসলে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সবাই হাতে হাত মিলিয়ে কাজ করলে মেয়র পদে মঞ্জুরের জয় সুনিশ্চিত।’ তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটকেন্দ্রে এমন এজেন্ট দিতে হবে যাঁর গায়ে বিএনপির রক্ত বইছে এবং শত বাধার মুখে রক্ত দিতে তাঁরা প্রস্তুত থাকবে। ৫০০-২০০ বা হাজার টাকার বিনিময়ে এজেন্ট নিয়োগের কোনো প্রয়োজন নেই।’মেয়র পদপ্রার্থী মঞ্জুর আলম সংবাদপত্রের সমালোচনা করে বলেন, ‘পত্রিকাগুলো আমাকে তাড়ানোর জন্য রিপোর্ট করছে। আমি যখন এসেছি, আমাকে আর তাড়াবেন না। এসব রিপোর্টে আমি ভয় পাই না।’ তিনি বলেন, ‘এই নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে।’শুভেচ্ছা বিনিময়: মঞ্জুর আলম গতকাল লাভলেইন ও কাতালগঞ্জ বৌদ্ধমন্দিরে যান এবং বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা জানান। এরপর তিনি শাহ সুফি সৈয়দ মঈনউদ্দিন মাইজভান্ডারির নগরের বাসভবনে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেখান থেকে তিনি আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সকালে তিনি শহরতলির কাট্টলী এলাকায় রিকশা, ট্যাক্সি, টেম্পো ও বাসশ্রমিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।