তৃণমূল নেতাদের কাছে প্রতিবেদন চেয়েছে নগর আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পরাজয়ের কারণ বের করতে তৃণমূল নেতাদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। গত শনিবার রাতে দলের নগর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। কাল মঙ্গলবার রাতে অনুষ্ঠেয় বর্ধিত সভায় ওই প্রতিবেদন নিয়ে পর্যালোচনা হবে। এদিকে মহিউদ্দিন গতকাল এক বিবৃতিতে নগরবাসীকে অভিনন্দন জানিয়েছেন। পরাজিত হলেও প্রায় চার লাখ ভোট দিয়ে নগরবাসী তাঁর প্রতি ভালোবাসা দেখিয়েছেন।দলীয় সূত্র জানায়, শনিবারের কার্যকরী কমিটির বৈঠকে নির্বাচনের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গ্রেপ্তার, একটি কেন্দ্রে একজন ভোটারকে আনারস প্রতীকে ভোট দিতে পোলিং কর্মকর্তা প্রভাবিত করার পরও তা তদন্ত না করা, টাকাসহ ধরা পড়া ব্যক্তিকে ছেড়ে দেওয়ার ঘটনাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়।নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন। তবে মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও তাঁর অনুসারীরা বৈঠকে উপস্থিত ছিলেন না।ইনামুল হক প্রথম আলোকে বলেন, ‘দলীয় কোন্দলের কারণে আমাদের প্রার্থী হেরেছেন। কেন হেরেছেন তা চিহ্নিত করতে ওয়ার্ড পর্যায়ের নেতাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাঁদের প্রতিবেদনের ওপর মঙ্গলবার রাতে নগর কমিটির বর্ধিত সভায় আলোচনা হবে।’ সভা সূত্রে জানা গেছে, কয়েকজন নেতা নির্বাচনে দলীয় সাংসদ ও তাঁদের অনুসারীদের ভূমিকা নিয়েও কথা তোলেন। তবে মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত সাংসদ এম এ লতিফ প্রথম আলোকে বলেন, ‘সাংসদদের সমালোচনার আগে মহিউদ্দিনের উচিত আত্মসমালোচনা করা। তিনি স্বৈরাচারী হয়ে ওঠায় আজ তাঁর এই বিপর্যয় ঘটেছে। এটা ব্যক্তি মহিউদ্দিনের বিপর্যয়, আওয়ামী লীগের নয়। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।’ব্যাখ্যা দাবি: নির্বাচন কমিশনে দাখিল করা ১৪ অভিযোগের ব্যাখ্যা দাবি করেছেন মহিউদ্দিন। গতকাল দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অভিযোগ দিয়েছি। নির্বাচন কমিশন এখনো কোনো ব্যাখ্যা দেয়নি।’ এসব অভিযোগের ভিত্তিতে মামলা হচ্ছে কি না জানতে চাইলে মহিউদ্দিনের ছেলে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘মামলা করার ইচ্ছে আমাদের নেই। নাগরিক কমিটির পক্ষে যে অভিযোগ দাখিল হয়েছে, তার ব্যাখ্যা তো নির্বাচন কমিশন দিতে পারে।’মহিউদ্দিন গতকাল এক বিবৃতিতে দাবি করেন, সিটি নির্বাচনে জনগণের কাছে নয়, চক্রান্ত ও অর্থের কাছে জনরায় বিপর্যস্ত হয়েছে। এতে বলা হয়, ‘সর্বস্তরের মানুষ তথা শ্রমিক, মজুর, পোশাকশিল্পের কর্মী, রিকশা-ট্যাক্সিচালক, দোকান কর্মচারী, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক-শিক্ষার্থী, মা-বোনসহ বিভিন্ন পেশার সবাইকে আমি নিশ্চয়তা দিচ্ছি, আগের মতো ভবিষ্যতেও আমি আপনাদের বিপদে-আপদে পাশে থাকব।’