তৃণমূল নেতাদের নিয়ে আ.লীগের বর্ধিত সভা ৩০ জানুয়ারি
আগামী ৩০ জানুয়ারি শনিবার ঢাকায় কেন্দ্রীয় বর্ধিত সভা করবে আওয়ামী লীগ। সারা দেশের তৃণমূল নেতাদের নিয়ে এই বর্ধিত সভা থেকে সদস্য নবায়ন ও নতুন সদস্যসংগ্রহ অভিযান শুরু হবে। বর্ধিত সভার পর সাংগঠনিক কাজে মনোনিবেশ করবেন কেন্দ্রীয় নেতারা।গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘বিএনপির কমিটি নিয়ে পুরো জাতি আতঙ্কিত। বিভিন্ন পত্রপত্রিকা সে বিষয়টি তুলে ধরেছে। আর আমরা সে আতঙ্কের কথাই বলেছি। এ ব্যাপারে বিস্তারিত জাতির সামনে তুলে ধরা হবে।’বিরোধী দলের সরকারবিরোধী আন্দোলনের হুমকিসম্পর্কিত এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, জনগণ বর্তমান সরকারকে পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই একটি রাজনৈতিক সরকারকে উত্খাত করার সাংবিধানিক কোনো অধিকার কারও নেই। ক্ষমতায় আসতে হলে জনগণের রায়ের জন্য বিরোধী দলকে আরও চার বছর অপেক্ষা করতে হবে। জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় আসার আর কোনো বৈধ পথ নেই।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সাংগঠনিক বিষয় ছাড়াও মহাজোট সরকারের গত এক বছরের পথ চলার মূল্যায়ন নিয়েই বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের আন্দোলনের হুমকি, বিতর্কিতদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠনের বিষয়টিও আলোচনায় স্থান পায়। এ ছাড়া সভায় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেওয়া হয়।সভার প্রস্তাবে বলা হয়, অতীতের বিএনপি-জামায়াত জোটের পুঞ্জীভূত সমস্যা-সংকট মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে।