তৃণমূল নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার তিনি দলের তিন সাংগঠনিক জেলা পঞ্চগড়, সৈয়দপুর ও নীলফামারীর তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে পঞ্চগড় ও সৈয়দপুরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও দেড় মাসের মধ্যে নীলফামারী জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
এ হাসানকে পঞ্চগড় জেলার আহ্বায়ক এবং আব্দুল গফুর সরকারকে সৈয়দপুর কমিটির আহ্বায়ক করা হয়েছে।
৫ জানুয়ারির নির্বাচনের পর আজ থেকে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক শুরু করলেন খালেদা জিয়া। ধারাবাহিকভাবে এ প্রক্রিয়া চলবে।
বৈঠকের একটি সূত্র জানায়, তৃণমূল নেতারা নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব-বিভেদ, কমিটিগুলোর সমস্যা সমাধান, সাংগঠনিক শক্তি বৃদ্ধির কথা খালেদা জিয়ার সামনে তুলে ধরেন। খালেদা জিয়া সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল নেতাদের নানা দিকে নির্দেশনা দেন। বৈঠকে ওই তিন সাংগঠনিক জেলার বিএনপি-সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সালাউদ্দিন আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।