তৃণমূল পর্যায় থেকে নারী নেতৃত্ব সৃষ্টি করা হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার নারীর ক্ষমতায়নে তৃণমূল পর্যায় থেকে নারী নেতৃত্ব সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, মোট জনসংখ্যার অর্ধেকের প্রতিনিধিত্বকারীদের উপেক্ষা করে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ কারণে সরকার দেশের নারীসমাজের সার্বিক উন্নয়নে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। খবর বাসসের।ফৌজিয়া খানের নেতৃত্বে সামাজিক প্রতিরোধ কমিটির একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।শেখ হাসিনা নারী উন্নয়ন নীতির প্রতি সমর্থন আদায়ে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য নারীনেত্রীদের পরামর্শ দেন। ‘আমার মনে হয়, বিরোধীদলীয় নেত্রী এই নীতি সমর্থন করেন না’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া নারীনীতি সমর্থন করলে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর সঙ্গে বৈঠক করতেন না। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন নারী সংগঠন নারীনীতি প্রণয়নকালে এর সপক্ষে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করেনি। নারী উন্নয়নে তাঁর সরকারের নেওয়া বেশ কয়েকটি কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে নারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি হেলথ কেয়ারে নারীদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা হয়েছে। সিইউটিএ নেতাদের সাক্ষাৎ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (সিইউটিএ) নবনির্বাচিত কর্মকর্তারা গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অধ্যাপক রুহুল আমিন। সাক্ষাৎকালে শিক্ষকেরা প্রধানমন্ত্রীকে তাঁদের বিভিন্ন সমস্যার কথা জানান। শেখ হাসিনা গভীর মনোযোগের সঙ্গে তাঁদের কথা শোনেন এবং সংশ্লিষ্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সমাজের বিত্তবান শ্রেণীর কাছ থেকে তহবিল সংগ্রহ করে এসব সমস্যা সমাধানের পরামর্শ দেন। তিনি শিক্ষকদের জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে দানকৃত অর্থের ওপর থেকে কর রেয়াতের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।শেখ হাসিনা সিইউটিএর নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং শিক্ষা বিস্তারে সারা দেশে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।