তৃণমূল পর্যায়ে অবাধ তথ্যপ্রবাহের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা ও তথ্যমেলার আয়োজন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এসব মেলার আয়োজন করে।আলোচনা সভায় মানবাধিকার নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে তথ্যের অবাধ প্রবাহের দাবি জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাদের মধ্যে এখনো তথ্য গোপন করার প্রবণতা রয়েছে। এটি বন্ধ করে তথ্যকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কক্সবাজার: ‘গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য তৃণমূল পর্যায়ের মানুষকে তথ্য জানান। কারণ তাদের তথ্য পাওয়ার অধিকার রয়েছে।’ গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে।রংপুর: গতকাল দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করা হয়েছে। পাবলিক লাইব্রেরির মাঠে তথ্যমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন খান। বিকেলে ‘জানার অধিকার আপনার মানবাধিকার’ শীর্ষক এক আলোচনা সভা হয়।খুলনা: দুই দিনব্যাপী তথ্যমেলা গতকাল থেকে খুলনার হাদিস পার্কে শুরু হয়েছে। ‘জানবো জানাবো দুর্নীতি রুখবো’ স্লোগান নিয়ে শুরু হওয়া তথ্যমেলার উদ্বোধনীতে বক্তারা বলেন, বিশ্বের সঙ্গে বাংলাদেশকে খাপ খাওয়াতে হলে তথ্য জানার অধিকার নিশ্চিত করতে হবে। আর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে এ অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।কুমিল্লা: শোভাযাত্রা, আলোচনা সভা, তথ্যমেলা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে গতকাল দিনব্যাপী কুমিল্লায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় কুমিল্লা টাউন হলে আয়োজিত সভায় বক্তারা জানার অধিকার নিশ্চিত করার বিষয়ে জনগণকে সচেতন করার দাবি জানান।বরিশাল: সকাল সাড়ে ১০টায় অশ্বিনীকুমার হলে মেলার উদ্বোধন করা হয়। এর আগে সকাল ১০টায় অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দুই দিনের তথ্যমেলার সূচনা করা হয়। ভোলা: ‘মানবাধিকার আরও নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে তথ্যের অবাধ প্রবাহ ছড়িয়ে দিতে হবে। এখনো তথ্য গোপন করার প্রবণতা রয়েছে সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাদের মধ্যে। এটা বন্ধ করে তথ্যকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে।’ গতকাল বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে ‘জানার অধিকার আপনার মানবাধিকার’ শীর্ষক সেমিনারে বক্তারা এ সুপারিশ করেন।চাঁদপুর: সকাল সাড়ে ১০টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় সরকারি-বেসরকারি ২৪টি প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয়।সুনামগঞ্জ: ‘তথ্যপ্রবাহের অবাধ গতি রুখতে পারে দুর্নীতি’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে তথ্যমেলার উদ্বোধন করা হয়।