তৃণমূল মানুষের কাছে তথ্য অধিকার ধারণাটি এখনো অস্পষ্ট। এখনো অনেকেই জানেন না, কোথায় গেলে কী রকম তথ্য পাওয়া যাবে। কোন তথ্যটি তাঁর প্রয়োজন হবে। তৃণমূল মানুষের দোরগোড়ায় তথ্যসেবা পৌঁছে দেওয়া এবং তথ্য অধিকার সম্পর্কে সুস্পষ্ট ধারণা সৃষ্টিতে কমিউনিটি রেডিও বিশেষ ভূমিকা রাখতে পারে।‘তথ্য অধিকার নিশ্চিতকরণে কমিউনিটি রেডিওর ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমিউনিটি রেডিও ‘পল্লীকণ্ঠ’ ওই সেমিনারের আয়োজন করে। গত বৃহস্পতিবার বিকেলে পল্লীকণ্ঠের কার্যালয়ে এই সেমিনার হয়। রেডিও পল্লীকণ্ঠের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি সৈয়দ মোশাহিদ আহমদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন রেডিও পল্লীকণ্ঠের কেন্দ্র ব্যবস্থাপক মেহেদী হাসান, সাংবাদিক নুরুল ইসলাম, প্রত্যুষ তালুকদার, তামান্না রহমান প্রমুখ। সেমিনারে তথ্য অধিকার নিশ্চিতকরণে কমিউনিটি রেডিওর ভূমিকা বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন রেডিও পল্লীকণ্ঠের প্রযোজক শারমিন।