তৃণমূল মানুষের পাশে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের তৃণমূল মানুষের পাশে দাঁড়িয়ে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আনসার ও ভিডিপির মতো প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত সংস্থা আমাদের খুব বেশি নেই। তাই তৃণমূল মানুষের পাশে আপনাদের দাঁড়াতে হবে।’গতকাল মঙ্গলবার শফিপুরে আনসার ও ভিডিপির ৩৩তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫৯ লাখের বেশি সদস্য গ্রামগঞ্জে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন। আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এ বাহিনীর সদস্যরা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে।শেখ হাসিনা বলেন, ‘জনগণের জানমালের হেফাজত করা আপনাদের পবিত্র দায়িত্ব। আমি আশা করি, এ দায়িত্ব পালনে আপনারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতা ও সাহসের সঙ্গে কাজ করবেন।’প্রধানমন্ত্রী বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ চলছে। ইতিমধ্যে দুজনের রায় দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের বিচারও শেষ করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আনসার ব্যাটালিয়নের সদস্যদের চাকরি পর্যায়ক্রমে স্থায়ী করার আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, আগামী অর্থবছর থেকে এ প্রক্রিয়া শুরু হবে। আগামী বাজেটে এ জন্য অর্থ বরাদ্দ রাখা হবে।প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমদ, আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন ও একাডেমির কমান্ড্যান্ট দিলীপ কুমার বিশ্বাস তাঁকে স্বাগত জানান। তিনি একটি খোলা জিপে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।পরে শেখ হাসিনা আটজন আনসার সদস্যকে বাংলাদেশ আনসার পদক, ১১ জনকে রাষ্ট্রপতি আনসার পদক, একজনকে বাংলাদেশ ভিডিপি পদক, দুজনকে রাষ্ট্রপতি ভিডিপি পদক, ১১ জনকে বাংলাদেশ আনসার (সার্ভিসেস) পদক, তিনজনকে বাংলাদেশ ভিডিপি (সার্ভিসেস) পদক, ৩২ জনকে রাষ্ট্রপতি আনসার (সার্ভিসেস) পদক ও ১০ জনকে রাষ্ট্রপতি ভিডিপি (সার্ভিসেস) পদক দেন। তিনি আনসার ও ভিডিপি সদস্যদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।অনুষ্ঠানে মন্ত্রী, উপদেষ্টা, সাংসদ, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পরে প্রধানমন্ত্রী অফিসার্স মেসে ঊর্ধ্বতন আনসার ও ভিডিপি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।