তৃণমূল সংগঠন ছাড়া নারীর ক্ষমতায়ন অসম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল সংগঠন ছাড়া সামাজিক বিবর্তন বা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। এটা এমন এক সামাজিক আন্দোলন, যার মাধ্যমে রাজনৈতিক আন্দোলনকে প্রভাবিত করে নারীর মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করা যায়। বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। গতকাল শুক্রবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিবিষয়ক রিফ্রেসার্স কোর্স’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম। কর্মশালায় কোর্স পরিচালনা করেন সীমা মোসলেম। স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতা ও জাতীয় প্রেক্ষাপটে নারীকে উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করার কর্মসূচি, রূপরেখা ও তা বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে। আয়শা খানম বলেন, নারী আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে, চালাতে হবে। দিনের কর্মসূচির মধ্যে ছিল পাঁচটি বিষয়ে আলোচনা। এগুলো হচ্ছে—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের প্রধান আইনুননাহারের ‘জেন্ডার ধারণার দিকসমূহ ও মূলধারার জেন্ডার’; অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মির ‘বিশ্বায়ন, অভিবাসন ও শ্রমবাজার: জেন্ডার প্রেক্ষিত’; সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রধান গবেষক ফাহমিদা খাতুনের ‘জাতীয় বাজেট ও জেন্ডার সংবেদনশীলতা’; আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি হামিদা হোসেনের ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক চুক্তি, ঘোষণা ও সিডও সনদ’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদার ‘বাংলাদেশের সংবিধানে নারীর অধিকার: প্রেক্ষিত প্রচলিত আইনে বৈষম্য ও বৈষম্য দূরীকরণের উপায়’।