তৃণমূল সফরে যাচ্ছে আ.লীগের সাত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাতটি দল সাত বিভাগে যাচ্ছে। একই সঙ্গে উপজেলা নির্বাচনে একক প্রার্থী বাছাইয়েও সহায়তা করবে তারা।
গতকাল বৃহস্পতিবার থেকেই দল সাতটি কাজ শুরু করেছে। প্রথম দিনে রংপুর বিভাগের দায়িত্ব পাওয়া নেতারা গতকাল আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বৈঠক করেন। তাঁরা এই সাংগঠনিক সফরের কর্মপদ্ধতি নির্ধারণ করেন। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি রংপুরে মাঠ পর্যায়ে সফর করবেন এই নেতারা। বৈঠকে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে ছিলেন মতিয়া চৌধুরী, আসাদুজ্জামান নূর, মাহবুব উল আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী, ফারুক খান, দেওয়ান শফিউল আরেফিন, অসীম কুমার উকিল প্রমুখ।
বৈঠকে উপস্থিত একজন নেতা জানান, উপজেলা নির্বাচনে একক প্রার্থী বাছাই নিয়ে তাঁরা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলছেন। নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দিতে বলা হয়েছে।
সাতটি দলের মধ্যে ঢাকা বিভাগে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে প্রধান এবং আহমদ হোসেনকে সমন্বয়ক করা হয়েছে। রংপুর বিভাগের প্রধান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং সমন্বয়ক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। রাজশাহী বিভাগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান এবং আবু সাঈদ আল মাহমুদ সমন্বয়ক। চট্টগ্রাম বিভাগে গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান ও বীর বাহাদুর উ শৈ সিংকে সমন্বয়ক করা হয়েছে। বরিশাল বিভাগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিম সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন। খুলনা বিভাগে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে প্রধান, বি এম মোজাম্মেল হককে সমন্বয়ক এবং সিলেট বিভাগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান ও মিজবাহ উদ্দিন সিরাজকে সমন্বয়ক করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এই সফরে জেলা-উপজেলায় সভা-সমাবেশ, কর্মিসভা ও যৌথ সভার আয়োজন করা হবে।