পাবনার ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলকে মূল্যায়ন না করে প্রার্থী সমর্থন দেওয়ায় বিপাকে পড়েছে বিএনপি। চেয়ারম্যান পদে তাঁদের তিন প্রার্থী মাঠে নেমেছেন। এ কারণে দলের নেতা-কর্মীরাও বিভক্ত হয়ে তিন প্রার্থীর পক্ষে কাজ করছেন। এদিকে একক প্রার্থী নিয়ে চেয়ারম্যান পদটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ।
স্থানীয় ভোটার ও দলীয় লোকজন জানান, ২৩ মার্চ উপজেলায় নির্বাচন হবে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চার প্রার্থী। বিএনপির সমর্থন পেয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম। ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাকিম খান এবং উপজেলা বিএনপির সহসভাপতি ও ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মলয় কুণ্ডু। আওয়ামী লীগে একক প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান।
দলে বিদ্রোহ প্রসঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে জেলা বিএনপি প্রার্থী সমর্থন দিয়েছে। দলের কাছে মূল্যায়ন না পেয়ে অধিকাংশ নেতা-কর্মী ‘বিদ্রোহী’ প্রার্থীদের পক্ষ নিয়েছেন। তাঁরা দল সমর্থিত প্রার্থীকে পরাজিত করতে দুই ‘বিদ্রোহী’ প্রার্থীকে এক করার চেষ্টা করছেন।
আবদুল হাকিম খান বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন না করে জেলা বিএনপি টাকার কাছে বিক্রি হয়েছে। তৃণমূল থেকে শুরু করে রাজশাহী বিভাগীয় বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি আমার পক্ষে সমর্থন দিয়েছিল। কিন্তু জেলা বিএনপি অর্থের বিনিময়ে সবাইকে অগ্রাহ্য করেছে। দলের অপর ‘বিদ্রোহী’ প্রার্থী মলয় কুণ্ডুও আমাকে সমর্থন দিয়েছেন।’
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, তৃণমূল নেতা-কর্মীদের ভোটে প্রার্থী নির্ধারণ করতে গেলেও বিদ্রোহ দেখা দেয়। তাই কেন্দ্রীয় বিএনপি সরাসরি প্রার্থী নির্ধারণ করেছে।