তৃণমূলকে চাঙা করতে বড় সমাবেশে ভাষণ দেবেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের চাঙা করতে দেশের বড় জেলা শহরগুলোতে সমাবেশ করবে বিএনপি। সমাবেশগুলোতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেবেন। এর অংশ হিসেবে আগামী ৭ এপ্রিল বগুড়ায় সমাবেশ হবে।এ উপলক্ষে বগুড়ায় গতকাল মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া ও জয়পুরহাট জেলা বিএনপির সাংগঠনিক কমিটির সমন্বয় সভা হয়। সভায় দলের স্থানীয় নেতা-কর্মী ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।সমন্বয় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় ও জাতীয় ইস্যু নিয়ে আন্দোলন করতে হবে। তৃণমূলকে চাঙা করতে বড় শহরগুলোতে সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ভাষণ দেবেন বলে তিনি জানান।নজরুল ইসলাম খান বলেন, হাতুড়ি দিয়ে জিয়াউর রহমানের নাম ভেঙে ফেলা হলেও কোটি কোটি মানুষের মন থেকে তাঁর নাম মুছে ফেলা যাবে না। তিনি অভিযোগ করেন, সরকার চায় না সংসদ কার্যকর হোক। সংসদীয় উপনেতার ছেলের মামলা প্রত্যাহার সম্পর্কে তিনি বলেন, দেশের প্রচলিত আইন উপেক্ষা করে ওই মামলা প্রত্যাহার করা হয়েছে।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা দিয়ে তাঁর দেশে ফেরার পথ বন্ধের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা হবে। বিভাগীয় শহরগুলোতে সভা শেষে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।সমন্বয় সভা চলাকালে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক সাংসদ মোজাহার আলী বক্তব্য দেওয়া শুরু করলে জয়পুরহাট থেকে আসা নেতা-কর্মীদের একাংশ সভাস্থলে হট্টগোল শুরু করেন।