
তৃণমূলের জনগণ অধিকার সম্পর্কে সচেতন নয়। আইনি সেবা পাওয়ার বিষয়ে তাদের কাছে নেই পর্যাপ্ত তথ্য। বিচারপ্রক্রিয়ায় বিচারকস্বল্পতা, দীর্ঘসূত্রতাসহ নানান সমস্যায় জনগণ বিচারব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে। সব মিলে ন্যায়বিচার প্রাপ্তি চ্যালেঞ্জের মুখে পড়েছে। সমস্যা সমাধানে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে আনার পাশাপাশি জনগণকে যথাযথ তথ্য দিয়ে সচেতন করার কোনো বিকল্প নেই।
গতকাল সোমবার প্রথম আলো আয়োজিত ‘তৃণমূলে ন্যায়বিচার লাভের জন্য আইনি ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকেরা এসব কথা বলেন।
বেসরকারি সংগঠন ব্রতী সমাজকল্যাণ সংস্থার সহায়তায় কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বৈঠকে আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর বলেন, গ্রামে কিছু ‘টাউট’ শ্রেণির জন্ম হয়েছে। তারা মূলত ছোটখাটো অপরাধের সঙ্গে কঠিন অপরাধ যোগ করে সবাইকে আদালত পর্যন্ত নিয়ে যায়। এনজিওগুলো গ্রাম্য সালিসব্যবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। গ্রাম্য আদালতে চেয়ারম্যান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি যেহেতু দলীয় ভিত্তিতে নির্বাচিত, তাই সেখানে অন্য বিচারক নিয়োগের বিষয়টি বিবেচনায় আনতে হবে।
বিচারপতি এ টি এম ফজলে কবীর বলেন, সরকারের বিনা মূল্যে আইনি সহায়তা কার্যক্রমের আওতায় প্রতি জেলায় অফিস আছে। অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এ কার্যক্রমে টাকার কোনো অভাব নেই। এনজিওগুলো এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে। তিনি বলেন, আইন কমিশনের পক্ষ থেকে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমানোর জন্য ২৮টি সুপারিশ করেছে। তবে সরকার এ ব্যাপারে তেমন কোনো সাড়া দেয়নি। আর বাংলাদেশে ১ লাখ ৫০ হাজার মানুষের বিপরীতে বিচারক আছেন ১ জন। ২৬ লাখ মামলার বিচার করবেন ১ হাজার ৩০০ বিচারক—এটা কল্পনা করা যায়?
ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার প্রধান কারণ ‘ন্যায়’ শব্দটিকেই নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, বর্তমান সমাজে বৈষম্য বাড়ছে। জনগণ অজনগণে রূপান্তরিত হয়েছে। এ ক্ষেত্রে কিসের অধিকার, কিসের ন্যায়বিচার—সবকিছুই অবান্তর হয়ে যায়। আর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া অন্য কোনো ক্ষমতায়নই সম্ভব নয়।
এনজিও কার্যক্রম প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, এনজিওগুলোর উচিত নতুন নতুন পথ উদ্ভাবন না করে মাদারীপুর মডেলের যদি কোনো দুর্বলতা থাকে তা নিয়ে কাজ করা।
গোলটেবিল বৈঠকে ব্রতীর আইনি সেবা প্রকল্প ‘প্রোটেক্টিং দ্য ভালনারেবল থ্রো কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রজেক্ট’-এর অভিজ্ঞতা তুলে ধরেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। রাজশাহী ও নওগাঁ জেলার ৪টি উপজেলার ২৮টি ইউনিয়ন ও পৌরসভা এবং ১৪০টি গ্রামে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে দুই বছর ধরে। এ প্রকল্পে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজে ও যথাসময়ে স্থানীয় বিচারব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিত করা, ক্ষুদ্র জাতিসত্তার প্রথাগত বিচারব্যবস্থা সংরক্ষণ, তৃণমূল পর্যায়ে আইনি ক্ষমতায়নের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।
বৈঠকে ব্রতীর প্রকল্প সমন্বয়কারী শশাঙ্ক বরণ রায় বলেন, ব্রতী পরিচালিত আইনি সেবা প্রকল্পটিতে ১৪০টি গ্রামে তরুণদের স্বেচ্ছাসেবক দলের সদস্য ১ হাজার ৪০০ জন। ২৮টি ইউনিয়নে প্রতি মাসে লিগ্যাল এইড ক্লিনিক পরিচালনা করা হচ্ছে। ১০৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ বলেন, তৃণমূল পর্যায়ে রাষ্ট্রীয় বা যে কাঠামোর মাধ্যমে আইনি সেবা দেওয়া হয়, তা জনগণের দোরগোড়ায় পৌঁছায় না। সচেতনতা তৈরি করে জনগণকে আইনি সেবা পেতে আগ্রহী করে তোলার জন্যই ব্রতী কাজ করছে। সর্বজনীন প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যের মতো প্রাথমিক বা মৌলিক আইন শিক্ষার বিষয়টিতেও সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ বলেন, প্রকল্প শুরু হয়, দাতাগোষ্ঠীর ‘অবজেকটিভ’ পরিবর্তন হয়ে যায়। আর্থিক সহায়তায় পরিবর্তন আসে। মই দিয়ে ছাদে ওঠার পর মইটা সরিয়ে ফেলার মতো অবস্থা হয়। তাই সরকারের আইনি সহায়তাসংক্রান্ত কার্যক্রম ও প্রকল্পকে তৃণমূলে পৌঁছাতে হবে। বিরোধ মীমাংসার জন্য আরবিট্রেশন কাউন্সিলকে কার্যকর করতে হবে।
রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশের (রিইব) নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা বলেন, জনগণ আইনি সেবা পেতে চায়। সে ধরনের অবস্থা তৈরি করতে হবে। একই সঙ্গে আইনি কাঠামোকেও শক্তিশালী করতে হবে। রিইবের কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মেঘনা গুহঠাকুরতা বলেন, অন্যান্য কার্যক্রমের পাশাপাশি ন্যায়বিচার প্রাপ্তিতে সরকারের তথ্য অধিকার আইনকে কাজে লাগানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, গ্রামের সালিসে ভুক্তভোগী নারীকে কথা বলতে দেওয়া হয় না। এসব জায়গায় জ্যেষ্ঠ ব্যক্তিদের পরিবর্তে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ‘চ্যাংরা’ ছেলেরা ঢুকে পড়েছে। ফলে মানুষের আস্থা কমে যাচ্ছে।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক আইনজীবী সারা হোসেন বলেন, কারখানা থেকে বের হওয়ার মতো একটার পর একটা আইন তৈরি হচ্ছে। কিন্তু আইনটি যাঁরা বাস্তবায়ন করবেন, তাঁরাই আইনগুলো সম্পর্কে অবগত নন। আদালতের বাইরে জাতীয় মানবাধিকার কমিশনে সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ দায়েরের সুযোগ আছে—এ ধরনের বিষয়গুলোও জনগণকে জানাতে হবে।
নওগাঁর নিয়ামতপুরের ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য এবং ব্রতীর স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা নকুল রবিদাস জানালেন, ব্রতীর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে মানুষ সচেতন হয়েছে। তিনি বলেন, ‘এসব কাজ করতে গিয়ে আমারও জনপ্রিয়তা বেড়ে গেছে। এর আগে নির্বাচনে দাঁড়িয়ে হেরেছিলাম, এইবার বিপুল ভোটে জিতেছি। আমার এলাকাকে এখন নেশা ও বাল্যবিবাহমুক্ত করতে পেরেছি।’
ব্রতীর স্বেচ্ছাসেবক রিপন সরকার একজন গণগবেষক। তিনি বলেন, আগে এলাকার মানুষ আইন বলতেই ভয় পেত। ভাবত, আইন মানেই টাকাপয়সা, পুলিশ, আদালত। এখন এ ভয়টা কেটে গেছে।
কমিউনিটি লিগ্যাল সার্ভিসেসের ডেপুটি টিম লিডার ফাতেমা রশিদ হাসান বললেন, ২৯টি এনজিওর মাধ্যমে ১২ হাজার ইউনিয়নে কাজ করছে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস। মানুষকে সচেতন করা, পরামর্শ দেওয়া, সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসা এবং জনগণের আইনি ব্যবস্থায় প্রবেশগম্যতা নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে।
কমিউনিটি লিগ্যাল সার্ভিসেসের টিম লিডার জেরোম সায়রে বলেন, সরকারের পক্ষে যে কাজগুলো করা সম্ভব হচ্ছে না, সেসব জায়গায় এনজিওগুলো কাজ করছে। এ ক্ষেত্রে সাফল্যও এসেছে।
ব্রতীর প্যানেল আইনজীবী মাহমুদ হাসান বললেন, ব্রতীর প্রকল্পে লিগ্যাল এইড ক্লিনিকের মাধ্যমে জনগণকে বিভিন্ন আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। কেউ মামলা করতে চাইলে তাতে আইনি সহায়তা দেওয়া হচ্ছে।