তৃণমূলে দ্বন্দ্ব নিরসন না হলে দল ক্ষতিগ্রস্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে অভ্যন্তরীণ বিভেদ-বিরোধের কথা জানালেন দল-সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রগণ। দলীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের মধ্যে দ্বন্দ্বের কথাও জানালেন তাঁরা। এ দ্বন্দ্ব নিরসন না হলে আগামী নির্বাচনে দল ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়ে দলীয় সভানেত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
গতকাল শনিবার বেলা তিনটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়রদের মতবিনিময় হয়। প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর চেয়ারম্যান ও মেয়রগণ বক্তব্য দেন। প্রায় ৫০ জন প্রতিনিধি বক্তব্য দেন বলে জানা যায়। অধিকাংশ বক্তাই তৃণমূল পর্যায়ে দলীয় কোন্দল ও অনৈক্যের কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত সূত্র জানায়, চেয়ারম্যান ও মেয়রদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এখন ভেদাভেদের সময় না। ঐক্যের সময়। সবাইকে মাঠে থাকতে হবে। দলের উন্নয়ন প্রচার করতে হবে। কে কী পেলেন, সেটা না দেখে দল ও দেশের জন্য কী দিলেন, সেটাই দেখার বিষয়।’ তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কারও অস্তিত্ব থাকবে না। এমনকি উপজেলা পরিষদও তারা রাখবে না।’
বৈঠক সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যানরা উপজেলা পরিষদ আইনে সাংসদদের উপদেষ্টা রাখার বিধানের তীব্র সমালোচনা করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রহমত আলীর সমালোচনা করে তাঁরা বলেন, তিনি এ বিধান সংযোজনে মূল ভূমিকা রেখেছেন। এ কারণেই সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের মধ্যে দ্বন্দ্ব। তাঁরা এখন একে অপরের প্রতিপক্ষ। এই দ্বন্দ্বের জন্য তৃণমূলে আওয়ামী লীগের অবস্থা খুবই নাজুক।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘স্থানীয় সরকারের অন্য কোনো স্তরে সাংসদদের উপদেষ্টা রাখা না হলেও উপজেলা পরিষদে রাখা হয়েছে। এটা কেন থাকবে? উপদেষ্টা রাখার কোনো প্রয়োজন নেই।’ পাবনার বেড়া উপজেলার চেয়ারম্যান আরজু মিয়া বলেন, ‘উপজেলা পরিষদের আইন থাকলেও তা অকার্যকর করে রাখা হয়েছে। সাংসদগণ চেয়ারম্যান ও মেয়রদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন।’
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আইন এবং পরিপত্রে চেয়ারম্যানদের সব রকম ক্ষমতা দেওয়া আছে। আপনারা কেউ আইন ও পরিপত্র পড়েন না। সাংসদগণ আইন পাস করেন। তাঁদের সঙ্গে সমন্বয় করেই চেয়ারম্যানদের কাজ করতে হবে।’
নবীনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘যে উদ্দেশ্যে আমাদের ডেকেছিলেন, তা সফল হয়নি।’ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা বলেন, ‘আমরা এত দিন কষ্ট করেছি। তবে এই মুহূর্তে আমরা দাবি আদায় করতে আসিনি। আমাদের সন্তুষ্ট করতে গিয়ে নতুন করে কাউকে অসন্তুষ্ট করার দরকার নেই। আপনি আগামীতে ক্ষমতায় এসে এসব সমস্যা সমাধান করবেন।’