তৃণমূলে ন্যায় বিচার লাভের জন্য আইনি ক্ষমতায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ জানুয়ারি ২০১৭, প্রথম আলোর আয়োজনে ‘তৃণমূলে ন্যায়বিচার লাভের জন্য আইনি ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।

.
.

আলোচনায় সুপারিশ

* তৃণমূলে আইনি সেবা নিশ্চিত ও টেকসই করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি

*   প্রান্তিক জনগোষ্ঠীকে আইন ও ​অধিকার সম্পর্কে ব্যাপকভাবে সচেতন করার কাজ করতে হবে

* বিচারকের সংখ্যা বাড়িয়ে বিচারপ্রাপ্তির দীর্ঘসূত্রতা কমাতে হবে

* সরকারের আইনি সহায়তা কার্যক্রম তৃণমূলে নিয়ে যেতে হবে 

* সরকারের আইনি সহায়তা কার্যক্রমে সামাজিক সংগঠন ও  আইনজীবীদের সম্পৃক্ত করতে হবে

* দরিদ্র মানুষের মামলা চালানোর খরচ কমানোর উদ্যোগ নিতে হবে

* গ্রাম্য সালিসকে নিরপেক্ষ করার কার্যকর ব্যবস্থা নিতে হবে

আলোচনা 
আব্দুল কাইয়ুম 
তৃণমূলের জনগোষ্ঠীর অনেকে জানেন না যে তাঁরা কোথায় গেলে আইনি সহায়তা পাবেন। আজকের আলোচনার মূল উদ্দেশ্য, এই জনগোষ্ঠীকে আইনি সেবা সম্পর্কে সচেতন করা। কোথায় গেলে তাঁরা সুবিচার পেতে পারেন, তা নিয়ে আলোচনা করা। আলোচনায় আমরা বিভিন্ন সুপারিশের ওপর বেশি জোর দেব। সমস্যা ও চ্যালেঞ্জগুলো কী আছে, সমাধানের পথ নিয়েও আলোচনা হবে। এখন এ বিষয়ে আলোচনার সূচনা করবেন শারমীন মুরশিদ।

শারমীন মুরশিদ
শারমীন মুরশিদ

শারমীন মুরশিদ
তৃণমূলে ন্যায়বিচার লাভে আইনি ক্ষমতায়ন নিয়ে দুই বছর আগে কাজটি শুরু হয়। তবে আমরা মানবাধিকার নিয়ে কাজ করছি প্রায় ১৫ বছর ধরে। প্রান্তিক জনগোষ্ঠী শুধু আইনি সেবা নয়, বলতে গেলে প্রায় কোনো সেবাই পায় না। বিভিন্ন অন্যায়ের মধ্যে তাদের বাঁচতে হয়।

কাজ করতে গিয়ে দেখলাম, তৃণমূলে মানবাধিকার নিশ্চিত করতে হলে আইনি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বর্তমানে যে রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে আইনি সেবা দেওয়া হয়, তা অনেক​ ক্ষেত্রেই জনগণের দরজা পর্যন্ত পৌঁছায় না। অন্যদিকে জনগণও আইনের দরজায় পৌঁছাতে পারে না। এই দূরত্ব দূর করার কাজটি করছে এনজিও ও বিভিন্ন সামাজিক সংগঠন।

সব থেকে বড় কথা, তৃণমূলে আইনি সেবা নিশ্চিত করা। আর এই সেবাকে অবশ্যই টেকসই করতে হবে। আমরা কমিউনিটিতে আইনি সক্ষমতা তৈরি করছি। এটি হচ্ছে একধরনের বিনিয়োগ। তৃণমূলে আই​িন সেবা নিশ্চিত করা মোটেও কঠিন কাজ নয়। উচ্চমানের আইনজীবী লাগছে না। তৃণমূলের জনগোষ্ঠী কোথায় মানবাধিকার লঙ্ঘনের শিকার  হচ্ছে, তা সার্বক্ষণিক তদারক করছে। নিজেরাই কমিউনিটির দায়িত্ব নিয়ে নিচ্ছে। এ ব্যবস্থার জন্য তরুণ ও গ্রামবাসীকে সংগঠিত করতে হয়েছে। ১৪০টি গ্রামে তরুণেরা এ দায়িত্ব নিয়েছে। এ কারণে তারা বলতে পারছে, ব্রতী না থাকলেও আমরা এটা করতে পারব।

সরকার তৃণমূলে ঘরে ঘরে পৌঁছাতে পারে না। সরকার এ কাজ সামাজিক সংগঠনের মাধ্যমে করতে পারে। কমিউনিটি পর্যায়ে আইনি সেবা নিয়ে বাজেটে একটি প্রস্তাব থাকা প্রয়োজন।

শশাঙ্ক বরণ রায়
শশাঙ্ক বরণ রায়

শশাঙ্ক বরণ রায়
ইউকে এইডের অর্থায়নে ম্যাক্সওয়েল স্ট্যাম্প পিএলসির (প্রাইভেট লি. কোম্পানি) কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রোগ্রামের সহায়তায় রাজশাহী ও নওগাঁ জেলার ৪টি উপজেলার ২৮টি ইউনিয়ন ও পৌরসভা এবং ১৪০টি গ্রামে ব্রতীর আইনি সেবা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সেখানে দরিদ্র, নারী, আদিবাসী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়।

নিপীড়নের শিকার হলে তারা ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়াতেই প্রবেশ করতে পারে না। আর ন্যায়বিচার থেকে বঞ্চনার কারণ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে আইন, আইনি সেবা, বিচারব্যবস্থা সম্পর্কে অসচেতনতা ও তথ্যের অভাব। আর্থিক সীমাবদ্ধতা, দীর্ঘসূত্রতা, জটিলতা, ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আস্থা ও বিশ্বাসের অভাব।

এ ছাড়া আইনি সহায়তা কমিটির সক্রিয়তার অভাব, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব, গ্রাম আদালত ও সালিসি পরিষদের সক্রিয়তার অভাবসহ বিভিন্ন কারণ বিদ্যমান। গত দুই বছরে ব্রতীর প্রকল্পের আওতায় ১৪০টি গ্রামে তরুণদের স্বেচ্ছাসেবক দল ও তরুণ দলের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি ও দলের সদস্যসংখ্যা ২ হাজার ৮০০। এসব এলাকায় সামাজিক আন্দোলন পরি​চালনা করছে।

আমরা প্রকল্পের উদ্যোগে লিগ্যাল এইড ক্লিনিক করি। ইউনিয়ন ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সভা যাতে হয়, এর জন্য কাজ করছি। অল্প সময়ের কাজে উ​ে​ল্লখযোগ্যসংখ্যক মানুষের কাছে কিছু না কিছু তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। প্রকল্পের পক্ষ থেকে বিনা মূল্যে আইনি তথ্য, পরামর্শ ও মামলায় সহায়তা করা হচ্ছে।

এ টি এম ফজলে কবীর
এ টি এম ফজলে কবীর

এ টি এম ফজলে কবীর
বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত পঞ্চায়েতের মাধ্যমে বিচার হতো। পাকিস্তান আমলে সালিসি আইন হয়। ১৯৭৬ সালে (ইউনিয়ন পর্যন্ত) গ্রাম আদালত আইন করা হয়। এ আইনে কিছু পরিবর্তন, সংশোধনী আনা হয় ২০০৬ সালে।

বর্তমানে গ্রামে অনেক প্রতারক সৃষ্টি হয়েছে। তারা ভুক্তভোগীকে ইউনিয়ন কাউন্সিলেও নিতে চায় না। মূল অপরাধের সঙ্গে আরও অপরাধ যোগ করে ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যায়। সেখানে মামলা চলে বছরের পর বছর। বর্তমানে মূল্যবোধের এত অবক্ষয় হয়েছে যে বাবার কথা ছেলে শোনে না। সাধারণ জনগণের মধ্যে বিচার মানার প্রবণতা নেই।

রাজনীতি ঢুকে গেছে রন্ধ্রে রন্ধ্রে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দলীয়ভাবে নির্বাচিত হচ্ছেন, গ্রাম আদালতে চেয়ারম্যানের পরিবর্তে অন্য কাউকে বিচারক হিসেবে আনা যায় কি না, তা চিন্তা করতে হবে।

বিভিন্ন এনজিও আইনি সহায়তা দিচ্ছে। অন্যদিকে সরকারের আইনি সহায়তায় আছে অনেক টাকা। প্রতি জেলায় অফিস ও অফিসার আছে। অনেক সময় দাতাগোষ্ঠীর কাছ থেকে এনজিওর  ফান্ড পাওয়া বন্ধ হয়ে যায়। এনজিওগুলোকে সরকারের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা বা আইনি সহায়তা কার্যক্রমের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সরকারের কাছ থেকে বিনা মূল্যে বিচার পাওয়া যায়, তার প্রচার দুর্বল। এনজিও তৃণমূলের মানুষকে এ বিষয়ে সচেতন করে এ কার্যক্রমের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারে।

আইনি সেবা পাওয়ার ক্ষেত্রে বড় সমস্যা দীর্ঘসূত্রতা। আদালতের মামলা কখন শেষ হবে বিচারকও জানেন না। আমরা দীর্ঘসূত্রতা কমানোর জন্য আইন কমিশন থেকে ২৮টি সুপারিশ দিয়েছি সরকারকে। তবে সরকার তেমন কোনো সাড়া দেয়নি।

বাংলাদেশে গড়ে ১ লাখ ৫০ হাজার মানুষের জন্য বিচারক আছেন একজন। প্রায় ৩০ লাখ মামলা, আর বিচারক আছেন দেড় হাজার। ২০০ জন আছেন বিভিন্ন ডেপুটেশনে। সরকার দুই বছর পরপর ১০০ জন বিচারক দিচ্ছে। আমরা প্রতিবছর ২০০ জন করে দিতে বলেছি সরকারকে। সরকার চলছে ধীরগতিতে।

মিজানুর রহমান
মিজানুর রহমান

মিজানুর রহমান
ন্যায়বিচারে বঞ্চনার প্রধান কারণ হচ্ছে, আমরা ন্যায় শব্দটাকেই তো নির্বাসনে পাঠিয়ে দিয়েছি। আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি না। বর্তমানে প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন জনগণ অজনগণে পরিণত হয়ে যাচ্ছে। জনগণ যখন অজনগণ হয়ে যায়, তখন তাদের আবার কিসের ন্যায়বিচারের কথা। তখন তা অবান্তর হয়ে যায়। এ বিষয়গুলো নিয়ে চিন্তা করার সময় এসেছে।

মানবাধিকার আন্দোলন বিশ্বব্যাপী হুমকির মুখে পড়েছে। বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। মানবাধিকারকর্মী ও মানবাধিকার সংগঠনকে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে হবে। আগামী দিনের চলার পথ নির্ধারণ করতে হবে। আজকের আলোচনায় আইনি ক্ষমতায়নের কথা বলা হয়েছে। অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া অন্য কোনো ক্ষমতায়ন দুঃস্বপ্ন।

তৃণমূলে আইনি সহায়তার জন্য মধ্যস্থতা বা সালিসি ব্যবস্থায় স্থানীয় জনগণ সম্পৃক্ত থাকে। এটি ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা নয়। সমস্যা হয়ে গেছে, যত মত তত পথ হয়ে যাচ্ছে। যত বেশি এনজিও কাজ করছে, তত পদ্ধতি তৈরি হচ্ছে।

সালিসের ক্ষেত্রে মাদারীপুর মডেল সারা বিশ্বে স্বীকৃত। তারপরও নতুন নতুন কাঠামো কেন দরকার হবে? বেসরকারি সংগঠন, যারা আইনি সহায়তা, সালিস নিয়ে কাজ করছে, তাদের কাজের মধ্যে সমন্বয় থাকলে শ্রম ও অর্থ দুটোই বাঁচবে। সব জায়গায় একধরনের পদ্ধতি গড়ে তুলতে পারলে জনগণ যেখানেই যাবে তার সুফল পাবে।

আমার মনে হয়, আইনি সেবাকে টেকসই করতে হলে অবশ্যই মানবাধিকার শিক্ষায় বিনিয়োগ করতে হবে।

প্রত্যেক আইনজীবীকে বছরে নির্দিষ্ট পরিমাণ মামলা বিনা মূল্যে করতেই হবে। এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সামাজিক দায়িত্ব হিসেবে এটা নেওয়া দরকার। বিষয়টি আমরা খুব জোর দিয়ে বলছি।

ফওজিয়া করিম ফিরোজ
ফওজিয়া করিম ফিরোজ

ফওজিয়া করিম ফিরোজ
আমরা বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় কাজ করছি। একটা পর্যায়ে দাতা সংস্থারও উদ্দেশ্য পরিবর্তন হয়। অনুদানের ধরন পরিবর্তন হয়। সবকিছু গোছানোর পর অ্যাজেন্ডা পরিবর্তন হয়।

আমাদের মইতে উঠিয়ে দেয়। ছাদে ওঠার পর মইটা সরিয়ে ফেলে। প্রতিটি সংগঠনের জন্য এটি একটি বড় সমস্যা। আমাদের অনেক আইনি সহায়তা কেন্দ্র আছে। কিন্তু এখন অফিসের খরচ চালানোর অর্থ নেই।

সরকারের আইন সহায়তা প্রকল্পগুলোকে তৃণমূলে অবশ্যই নিতে হবে। এখানে বসে বড় কথা বললে হবে না। প্রান্তিক মানুষের ২০ শতাংশও আদালত পর্যন্ত পৌঁছাতে পারে না। আদালতে আসার জন্য শুধু আর্থিক বিষয় নয়, পরিবেশ দরকার। প্রবেশগম্যতা থাকতে হবে। অনেক ক্ষেত্রে এগুলো পাওয়া যায় না।

আইনি সহায়তা কার্যক্রমে আমাদের আইনজীবীদের কীভাবে ব্যবহার করা যায়, সেটা ভাবতে হবে। প্রতিটি জেলা পর্যায়ে বার অ্যাসোসিয়েশনের সদস্যদের ব্যবহার করতে পারি। সদস্যপদ নবায়ন করার সময় বলে দিতে হবে, বছরে তোমাকে বিনা মূল্যে দুটি করে মামলা করতে হবে।

নতুন আইনজীবী সহজে মামলা করতে পারেন না। এতে তাঁদের প্রশিক্ষণের সুযোগ হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও এ ব্যবস্থা করা যায়। জ্যেষ্ঠ উকিলদের কীভাবে ব্যবহার করতে পারি, তা নিয়েও চিন্তা করতে হবে।

মেঘনা গুহঠাকুরতা
মেঘনা গুহঠাকুরতা

মেঘনা গুহঠাকুরতা
সহায়তার ক্ষেত্রে প্রতিষ্ঠান থাকতে হবে, আবার মানুষ সেবা চায়, তা-ও থাকতে হবে।

মানবাধিকারের বিষয়টি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিসের মতো দেখলে চলবে না। ভুক্তভোগী জানবে কখন তার অধিকার লঙ্ঘিত হচ্ছে। অফিসে বসে আইনজীবী তা দেখতে পারেন না। গ্রামে যে থাকে, সে দেখতে পাবে কার অধিকার লঙ্ঘিত হচ্ছে। সে-ই তখন আইনি প্রতিষ্ঠানের কাছে নিয়ে যাবে। এভাবে সেতুবন্ধ তৈরি করে গণগবেষক এ দায়িত্ব পালন করবেন।

আইনি সহায়তার ক্ষেত্রে আমরা তথ্য অধিকার আইনকে বিভিন্নভাবে প্রয়োগ করছি। এ আইন সুযোগ করে দেয়, আদালত নিজেই মানুষের কাছে চলে আসে। এ আইন প্রয়োগ করে নিজস্ব গণ্ডি থেকে বের করে স্থানীয় প্রশাসনের কাছে যাওয়ার সুযোগ করে দেয়। অধিকারকে প্রয়োগ করার ক্ষেত্র তৈরি করে। বিশেষ করে আদিবাসীদের ক্ষেত্রে।

গণগবেষক মানুষের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ঠিক করে। তথ্য অধিকার আইনটি ব্যবহার করলে প্রশাসনের লোকজন বিচলিত হয়।

আমাদের চার বছরের একটি প্রকল্পের মাধ্যমে তৃণমূলের মানুষ সিদ্ধান্ত গ্রহণ বা নেতৃত্বের জায়গায় চলে এসেছে। তিন-চার গ্রাম থেকে এক নারীকে ডাকছে বিরোধ নিষ্পত্তির জন্য। প্রকল্প শেষে নারীরা নিজেরাই হাতের কাজ শিখে নিজেদের উপার্জনের পথ তৈরি করছে। সমিতি হিসেবে নিবন্ধন করে ফেলেছে অনেকে। নারীদের সমিতিই বেশি।

টেকনাফ, উখিয়া এসব অঞ্চলে আইনি সহায়তা নেই বললেই চলে। এ এলাকায় বিয়ের নিবন্ধন বলে কিছু নেই। তাই এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে হবে।

জেরোম সায়ের
জেরোম সায়ের

জেরোম সায়ের
দাতাগোষ্ঠী যখন কোনো প্রকল্পের নকশা করে, তখন একধরনের ফলাফলের কথা চিন্তা করে। এই ফলাফল একধরনের প্রতিষেধক বা সমাধান হিসেবে কাজ করে। আমরা পাঁচ বছরের প্রকল্প বাস্তবায়নের সময় অনেক কিছু করতে পারি।

দাতাগোষ্ঠী যতটুকু করতে বলেছে, শুধু তা না করে একে টেকসই করার জন্য কতটুকু করা যায়, সেটা নিয়ে চিন্তা করতে হবে। সচেতনতা তৈরি করতে হবে। তবে সচেতনতা তৈরির বিষয়টিকে সেভাবে পরিমাপ করা যায় না। অবশ্য জরিপ দিয়ে কিছুটা বোঝা যায়। এ দিয়ে দাতাগোষ্ঠীকে বোঝানো যায় কাজটির মূল্য কতটা গুরুত্বপূর্ণ। সরকারকেও এই সচেতনতা তৈরির বিষয়টি বোঝাতে হবে।

আমরা এনজিও এবং সরকারের আইন সহায়তা কার্যক্রমের সঙ্গেও কাজ করি। সরকারের কাঠামোর মধ্যে বিভিন্ন কমিটি কাজ করছে। কিন্তু কিছু কমিটি শুধু কাগজে-কলমেই আছে। বিভিন্ন এনজিও সরকারের এসব কমিটিকে সক্রিয় করতে কাজ করছে। এই কমিটিগুলোর মাধ্যমে সামাজিক রীতিনীতিকে পরিবর্তন করতে চাইলে তা খুব ধীরগতিতে এগোবে।

সরকারের আইনি সহায়তা কার্যক্রমে যে তহবিল থাকে, প্রায় সময়ই তার পুরোটা কাজে লাগানো যায় না। এনজিওগুলো যাতে এ তহবিল দিয়ে কাজ করতে পারে, সে ব্যাপারে কৌশলী হতে হবে। কমিউনিটির ভেতরে সালিসি ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে।

কমিউনিটি গ্রুপ নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে সালিসি ব্যবস্থায় কাজ করলে একটা পর্যায়ে আর এনজিওর তদারকির প্রয়োজন হবে না। এনজিওগুলো তখন অন্যদিকে নজর দিতে পারবে। মনে রাখতে হবে, সরকার একা কিছু করতে পারবে না। এনজিওকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

ফাতেমা রশিদ হাসান
ফাতেমা রশিদ হাসান

ফাতেমা রশিদ হাসান
আমাদের কাজের মূল বিষয় হলো ‘অ্যাকসেস টু জাস্টিস’ নিশ্চিত করা। কেউ চায়ের দোকানে, কেউ থিয়েটারে বা স্কুলে সচেতনতামূলক কাজগুলো করছে। আমাদের যারা সুবিধাভোগী, তারা জানে কোন মামলা সালিসযোগ্য আর কোনটি সালিসযোগ্য নয়।

এ অবস্থা পার্বত্য অঞ্চলসহ সব জায়গায়। এটা আমাদের একটি অর্জন। কেননা সচেতনতা টেকসই উন্নয়নের প্রথম ধাপ। মানুষ সচেতন হলে কেবল তখনই ক্ষমতায়ন সম্ভব। সচেতনতা ছাড়া কেউ তার অধিকার অর্জন করতে পারবে না। আইনি সহায়তা পাওয়ার জায়গা আছে, তা তারা জানতেই পারবে না।

বাংলাদেশে আইনি সহায়তা নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছে। তবে সমন্বিতভাবে কাজ করাটা জরুরি। মাদারীপুর মডেল আছে, তারপরও এনজিও কেন অন্য মডেলে কাজ করছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। আমার মনে হয়, এই মডেল ছাড়াও যদি পরিস্থিতির উন্নয়ন করা যায়, তাহলে তা কেন করা হবে না?

বাংলাদেশে বেশির ভাগ লোক স্বল্পশিক্ষিত। বেশির ভাগ নারীর সমস্যা যৌতুক, তালাক প্রভৃতি​। এসব জায়গায় অনেক বেশি সচেতনতা তৈরি করা প্রয়োজন। তালাক কেন হয় জানতে চাইলে একজন নারী বলেছিলেন, দেখতে সুন্দর না, বয়স হয়ে গেছে, তাই তালাক হয়েছে। এসব ক্ষেত্রে সঠিক তথ্য, সচেতনতা তৈরির অনেক সুযোগ আছে। সচেতন করতে পারলে প্রায় অর্ধেক সমস্যার সমাধান করা সম্ভব।

শেখ হাফিজুর রহমান
শেখ হাফিজুর রহমান

শেখ হাফিজুর রহমান
ন্যায়বিচারের কথা শুধু সংবিধান এবং কাগজে-কলমে থাকলে হবে না। এগুলো যাদের দরকার, তাদের কাছে পৌঁছাতে হবে। বিদ্যমান জুডিশিয়াল সিস্টেমে দরিদ্র ব্যক্তিদের অনেকে খরচের কারণে মামলা-মোকদ্দমা চালাতে পারে না। আজ একটা মামলা দায়ের করলে তা নিষ্পত্তি হতে ১৫, ২০ বা ২৫ বছর পর্যন্ত লাগতে পারে। দীর্ঘসূত্রতার বিষয়টি আরেক ধরনের মানবাধিকার লঙ্ঘন।

২০১৩ সালে পাঁচটি গ্রামে গিয়ে তৃণমূলের মানুষের সঙ্গে কথা বলেছি। বেশির ভাগ লোক সালিস পছন্দ করে। গ্রাম আদালতেও তারা যায় না। সালিসে কম খরচে, অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান দিতে পারে। তাই দেখা যায়, ৯৫ শতাংশ ঘটনায় তারা সালিসের আশ্রয় নিচ্ছে।

প্রধান বিচারপতিও অনেক বক্তব্যে বিদ্যমান বিচারব্যবস্থা নিয়ে কথা বলছেন। অনেক আইনের কথা উল্লেখ করে বলেছেন, যা অচল। দীর্ঘদিন ধরে গ্রামীণ সালিসের প্রধান সমস্যা প্রভাবশালী ব্যক্তি, তঁারা এ ব্যবস্থার অপব্যবহার করেন। নারীসংক্রান্ত ঘটনায় সালিসে নারীকে ডাকা হয় না, ফলে নারীর কথা শোনাও হয় না।

সালিসে আগে স্থানীয় মুরব্বিরা থাকতেন, এখন সালিসে মাস্তান ছেলেরা ঢুকে পড়েছে। টাকার বিনিময়ে তারা কাজ করছে। দলীয় রাজনীতি অনুপ্রবেশ করেছে। ফলে মানুষের আস্থা কমে যাচ্ছে। এনজিওগুলো মডিফায়েড সালিস নিয়ে কাজ করছে। এশিয়া ফাউন্ডেশনের ২০০৭ সালের জরিপমতে, এনজিওগুলো আইনি সেবা নিয়ে ৩০ শতাংশ জনগণের কাছে পৌঁছাতে পেরেছে। কুষ্টিয়ায় দেখলাম, মধ্যস্থতা করে দেনমোহরের ৩৫ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে।

যেকোনো মানুষকে ক্ষমতায়ন করতে চাইলে শিক্ষা, অর্থনৈতিক অবস্থা এবং জমির ওপর অধিকারের বিষয়টি বিবেচনায় নিতে হবে। অমর্ত্য সেন বলেছেন, সংবিধানে যত অধিকার দেওয়া হয়েছে, অর্থনৈতিক ক্ষমতায়ন না হলে ওই অধিকার চর্চা করা সম্ভব নয়।

কমিউনিটি মধ্যস্থতার মাধ্যমে যে ন্যায়বিচার দেওয়া হচ্ছে, তা কতটা টেকসই, তা দেখতে হবে। সরকারের ইউনিয়ন, জেলা পর্যায়ে নানা কমিটি আছে। অনেক এনজিও আছে। এরা কেউ কাজ করল না। তখন কী হবে? এ ক্ষেত্রে প্রান্তিক মানুষের এমনভাবে মনমানসিকতা তৈরি করতে হবে ও সক্ষমতা বাড়াতে হবে, যেন নিজেরাই বুঝতে পারে কীভাবে ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।

সারা হোসেন
সারা হোসেন

সারা হোসেন
দেশে একটার পর একটা আইন হচ্ছে। কিন্তু আইন সম্পর্কে যাঁরা প্রতিকার দেবেন, তাঁরা অনেক সময় এ বিষয়ে অবগত থাকেন না। আর আমরা তৃণমূলের যেসব মানুষকে নিয়ে কাজ করি, তারা নিজেদের বিষয় বলতে পারছে না, যতক্ষণ তাদের কাছে না যাওয়া হচ্ছে। আমরা তাদের নতুন আইনগুলো জানানোর চেষ্টা করছি।

এখন পর্যন্ত বেশির ভাগ ক্ষেত্রে পারিবারিক সূত্রেই আমরা আইন পেশায় আসি। সুপ্রিম কোর্টেও বাঙালি, মুসলমানের প্রতিনিধিত্ব বেশি। এখানে সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ইউনিয়ন, উপজেলা পর্যায়ে যেখানে সরকারের কমিটি কাজ করছে, সেখানেও যাতে বিভিন্ন শ্রেণির মানুষের প্রতিনিধিত্ব থাকে, তা নিশ্চিত করতে হবে।

আদিবাসীদের জন্য সমতলে যে আইন আছে, তা আসলে সেভাবে কাজ করে না। আদিবাসীদের সম্মতি না নিয়ে জমি হস্তান্তর করার নিয়ম নেই, কিন্তু আইনকে পাশ কাটিয়ে তা করা হচ্ছে। আদালতের বাইরে তথ্য কমিশন, মানবাধিকার কমিশনে অভিযোগ আসে। এখানে গণশুনানি ও তদন্ত করার ব্যবস্থা আছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নাগরিক অধিকার নিয়ে তেমন কিছু জানানো হয় না। প্রান্তিক জনগোষ্ঠী ধরেই নেয়, তাকে সবকিছু সহ্য করে যেতে হবে। অন্যরা তাদের মারধর করবে, একে প্রাপ্য বলেই মনে করে। শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এ বিষয়ে কথা বলা প্রয়োজন।

দেশি-বিদেশি অর্থায়ন নিয়ে আলোচনা করতে হবে। সরকারের কোনো খাত থেকে সহযোগিতা পাই না। এটি একটি দুঃখের বিষয়। আইনি সহায়তার কাজগুলো করার জন্য আইন বা অর্থ মন্ত্রণালয় থেকে সহায়তা পাই না।

বিদেশি দাতাদের সমালোচনা করার পাশাপাশি জাতীয় পর্যায়ে আমরা কতটুকু সহযোগিতা পাই, তা-ও দেখতে হবে। তরুণ আইনজীবী ও শিক্ষার্থীদের সহায়তা দিতে হবে। জনস্বার্থে মামলা করার বিষয়টিকে আরেকটু প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

নকুল রবিদাস
নকুল রবিদাস

নকুল রবিদাস
আমি নবনির্বাচিত মেম্বার। আমার গ্রামে নেশা চলত। পুরুষেরা নেশা করত, ফলে নারী নির্যাতন বেড়ে গিয়েছিল। আগে অনেক চেষ্টা করেছি। কিছু করতে পারিনি।

২০১৫ সালে ব্রতী কয়েকজন নিয়ে দল গঠন করে দিল। আমাদের নিয়ে কর্মশালা করল। এর মাধ্যমে আইনি সেবা, মানববন্ধন, মিছিল, বিশেষ দিন উদ্‌যাপন করে মানুষকে উৎসাহিত করা শুরু করলাম। তারপর আমার জনপ্রিয়তা বেড়ে যায়। এর আগেও আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, কিন্তু হেরে যাই। বিভিন্ন কর্মকাণ্ডের ফলে এবার বিপুল ভোটে জিতেছি। এখন আমার গ্রামে নেশা ও বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

আশপাশের দুটি গ্রামও নেশামুক্ত করেছি। ভুক্তভোগী নারীরা আইনের সেবা পাচ্ছেন। সবাই এখন সন্তুষ্ট। ব্রতী বা অন্য সংগঠনের পাশাপাশি সরকা​ির পর্যায়ে সেবা আছে, তা নিয়েও মানুষ সচেতন হয়েছে।

আমার এলাকা এখন অত্যন্ত ভালো। এ ধরনের কার্যক্রম যাতে গ্রামে আরও বেশি করা যায়, ব্রতীর কাছে সে আহ্বান জানাব।

মাহমুদ হাসান
মাহমুদ হাসান

মাহমুদ হাসান
বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে কাজ করি। ব্রতীর কাজ একটু ব্যতিক্রম মনে হয়েছে। ব্রতীর প্রকল্প এলাকায় ১ হাজার ৪০০ গণগবেষক তৈরি করা হয়েছে। তঁাদের পারিবারিক আইন নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাই গণগবেষকেরা তাৎক্ষণিকভাবে সহায়তা করতে পারেন।

আমি দুই বছরে ৮৩টি মামলা পরিচালনা করেছি। এর মধ্যে ৩৪টি নিষ্পত্তি হয়েছে। আমাদের মামলাগুলো বিচারকেরাও সুদৃষ্টিতে দেখেন। তৃণমূলে আমরা যাঁরা প্যানেল আইনজীবী, তাঁরা প্রতি শনিবার সকালে ও বিকেলে দুই সময়ে লিগ্যাল এইড ক্লিনিক করি। আইন সম্পর্কে অনেক মানুষ সচেতন নয়। প্রথমে নারীদের পারিবারিক আইনের বিষয়ে সচেতন করি। বাল্যবিবাহ নিয়ে বলি।

ধর্ষণের ঘটনা সালিস করা যায় না, সেটা বলি। যদি তারা মামলা করতে চায়, তখন মামলায় সহায়তা দিই।

জেলার উচ্চবিদ্যালয়গুলোতে ব্রতীসহ বিভিন্ন সংগঠনের কার্যক্রম, লিফলেট, ব্যানার দিতে পারলে অনেক সচেতনতা বাড়ানো যাবে। বাল্যবিবাহ দেওয়া যাবে না, যৌতুক নেওয়া অপরাধ—এ কথাগুলো লিখে দিতে হবে।

রিপন সরকার
রিপন সরকার

রিপন সরকার
২০১৫ সালের মার্চ মাসে ব্রতী আমাদের এলাকায় যায়। পাঁচজন মেয়ে ও পাঁচজন ছেলে নিয়ে গণগবেষক দল তৈরি করে। গ্রামবাসীর সমর্থনে গণগবেষক হই। ব্রতী বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে। আমরা বিভিন্ন আইন সম্পর্কে জানতে পারি।

আগে মানুষ আইনের কথা শুনলেই ভয় পেত। ভাবত, আইন মানেই পুলিশ, টাকাপয়সা। এখন জানে, আইন মানে একটি প্রক্রিয়া। আমরা সাপ্তাহিক সভায় গ্রামের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করি। অগ্রাধিকার নির্ণয় করি। এগুলোর সমাধান না করতে পারলে উপদেষ্টাদের সাহায্য নিই।

এলাকার অনেক মানুষ এখন আইন সম্পর্কে জানে। আমরা  চারটি বাল্যবিবাহ প্রতিহত করতে পেরেছি। এখন গ্রামবাসী আমাদের সহায়তা করছে। আমরা মাদকের আখড়া ভেঙে ফেলতে পেরেছি।

আইনি তথ্য পেয়ে ২০ থেকে ২৫ জন মানুষ ন্যায্য অধিকার ফিরে পেয়েছে।  আমরা আগে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলতে সাহস পেতাম না। এখন পুলিশ দেখলে আর ভয় পাই না। ব্রতীর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, এটি দিয়ে আমাদের গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে পারব।

আব্দুল কাইয়ুম
আজকের আলোচনার মূল উদ্দেশ্য তৃণমূলে আইনি অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা। সরকারের আইনি সহায়তা যা আছে তা জানানো এবং সরকারি কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

মূল্যবোধের অবক্ষয় রোধ করতে হবে। বাজেটে প্রয়োজনে এনজিও ও সরকারের মধ্যে সেতুবন্ধ তৈরিতে বরাদ্দ রাখতে হবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

যাঁরা অংশ নিলেন 

এ টি এম ফজলে কবীর : বিচারপতি, সদস্য, আইন কমিশন

মিজানুর রহমান            : সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন

শারমীন মুরশিদ            : প্রধান নির্বাহী, ব্রতী সমাজকল্যাণ সংস্থা

ফওজিয়া করিম ফিরোজ                : সভাপতি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি

সারা হোসেন               : অবৈতনিক নির্বাহী পরিচালক, বাংলাদেশ লিগ্যাল

                          এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

মেঘনা গুহঠাকুরতা        : নির্বাহী পরিচালক, রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ (রিইব)

শেখ হাফিজুর রহমান    : সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

জেরোম সায়ের            : টিম লিডার, কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস)

ফাতেমা রশিদ হাসান    : ডেপুটি টিম লিডার, কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস)

শশাঙ্ক বরণ রায়           : প্রকল্প সমন্বয়কারী, ব্রতী সমাজকল্যাণ সংস্থা

মাহমুদ হাসান              : প্যানেল আইনজীবী, ব্রতী, রাজশাহী

নকুল রবিদাস              : ব্রতী স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা, ইউপি সদস্য, নওগাঁ

রিপন সরকার              : স্বেচ্ছাসেবক, ব্রতী, রাজশাহী

সঞ্চালক

আব্দুল কাইয়ুম           : সহযোগী সম্পাদক, প্রথম আলো