তৃণমূলে বিশৃঙ্খলা কাটাতে পারেনি আ.লীগ, বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বড় দুই দলেরই তৃণমূলে সাংগঠনিক শৃঙ্খলা প্রায় ভেঙে পড়েছে। তৃতীয় ধাপের নির্বাচনেও সাংগঠনিক বিশৃঙ্খলা কাটাতে পারেনি দলগুলো। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে এ সমস্যা প্রকটভাবে দেখা যাচ্ছে এবং গত দুই ধাপে খারাপ ফলের জন্য দলটি এ সমস্যাকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছিল।
কাগজে-কলমে নির্দলীয় হলেও স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন দল প্রার্থী সমর্থনের নামে নিজস্ব প্রার্থী দিয়ে থাকে। কিন্তু এবার দলের সমর্থনের বাইরে প্রায় অর্ধেক উপজেলায় একাধিক নেতা প্রার্থী হয়েছেন ও হচ্ছেন। অনেক ক্ষেত্রেই জেলা ও উপজেলা কমিটি ভিন্ন ভিন্ন প্রার্থী মনোনয়ন দিয়েছে। অনেক ক্ষেত্রে কেন্দ্র ও তৃণমূল পৃথক প্রার্থীকে সমর্থন দিয়েছে ও দিচ্ছে। ব্যক্তিগত সিদ্ধান্তেও কেউ কেউ প্রার্থী হচ্ছেন। ফলে নির্বাচন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে বিভক্তি, উত্তেজনা; এমনকি সহিংসতার ঘটনাও ঘটছে। এর মধ্যে বেশির ভাগ সহিংসতার ঘটনা ঘটেছে একই দলের একাধিক প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে।
নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ দেশের ৮১টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। সহিংসতার কারণে গাজীপুরের শ্রীপুর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। আদালতের নির্দেশে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাচন হচ্ছে না। এই ৮১টি উপজেলায় মোট প্রার্থী এক হাজার ১৫৩ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৩৪ জন, ভাইস চেয়ারম্যান ৫৩৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যে দেখা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী আছেন মাত্র ৩১টি উপজেলায়। বিএনপির আছে ৪১টি উপজেলায়। বাকি উপজেলাতে দুই দলেরই দুই বা ততোধিক প্রার্থী রয়েছেন।
প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের তুলনায় বিএনপি-সমর্থিত প্রার্থী বেশি জয়ী হয়েছেন। কম উপজেলায় জয়ী হওয়ার জন্য আওয়ামী লীগ একজন প্রার্থীকে সমর্থন দিতে ব্যর্থ হওয়াকেই কারণ হিসেবে উল্লেখ করেছে।
আওয়ামী লীগের একাধিক প্রার্থী: ৫০টি উপজেলায় আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী হয়েছেন। এই ৫০ উপজেলায় দলটির ১৪৫ জন নেতা নির্বাচন করছেন। প্রতি উপজেলায় গড়ে তিনজন করে প্রার্থী।
এর মধ্যে ১৯টি উপজেলায় প্রার্থীর সংখ্যা ৭১ জন। এগুলো হলো কিশোরগঞ্জ সদর (তিনজন); কুড়িগ্রামের চিলমারী (তিনজন) ও রৌমারী (তিনজন); কুমিল্লার ব্রাহ্মণপাড়া (পাঁচজন) ও হোমনা (তিনজন); গাইবান্ধা সদর (তিনজন); চট্টগ্রামের সীতাকুণ্ড (চারজন); চুয়াডাঙ্গার দামুড়হুদা (চারজন); ঠাকুরগাঁওয়ের হরিপুর (তিনজন); দিনাজপুরের নওয়াবগঞ্জ (তিনজন); ফরিদপুরের আলফাডাঙ্গা (নয়জন); বরিশালের হিজলা (চারজন); ফেনীর দাগনভূঞা (তিনজন); ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর (পাঁচজন); ময়মনসিংহের ফুলপুর (চারজন); রাজশাহীর গোদাগাড়ী (তিনজন) এবং মানিকগঞ্জের ঘিওরে (তিনজন)।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় (তিনজন) ও ফরিদপুর সদরপুরে (তিনজন) একাধিক প্রার্থী থাকলে এই দুটি উপজেলায় অন্য দলের প্রার্থী নেই।
আওয়ামী লীগের দুজন করে নেতা প্রার্থী হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর; কুড়িগ্রাম সদর; কুমিল্লার নাঙ্গলকোট ও বুড়িচং; গাইবান্ধার সাদুল্যাপুর; চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ; টাঙ্গাইলের দেলদুয়ার ও ধনবাড়ী; নওগাঁর মান্দা; নড়াইলের লোহাগড়া; নেত্রকোনা সদর ও মোহনগঞ্জ; নোয়াখালীর সেনবাগ; পিরোজপুরের নেছারাবাদ; ফরিদপুর সদর, চরভদ্রাসন ও ভাঙ্গা; বরিশালের মুলাদী; বাগেরহাটের শরণখোলা; ময়মনসিংহের গৌরীপুর, ধোবাউড়া, ফুলবাড়িয়া ও মুক্তাগাছা; যশোরের মনিরামপুর; রাজশাহীর দুর্গাপুর; লক্ষ্মীপুরের কমলনগর; লালমনিরহাটের আদিতমারী; শেরপুরের শ্রীবর্দী; সুনামগঞ্জের জামালগঞ্জ এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।
জানতে চাইলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জাহিনুল আবেদীন প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিকে বলেন, তিনি দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে আলফাডাঙ্গায় খোন্দকার মোহতেশাম হোসেনকে প্রার্থী মনোনয়ন দিয়েছেন। তবে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বলেন, জেলা কমিটি যে মনোনয়ন দিয়েছে, তা গঠনতন্ত্র পরিপন্থী। সে জন্য উপজেলা থেকে ঝর্ণা হাসানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিএনপির একাধিক প্রার্থী: বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন ৩৪টি উপজেলায়। এসব উপজেলায় দলটির ৮৯ জন নেতা প্রার্থী হয়েছেন। গড়ে প্রতি উপজেলায় তিনজন করে প্রার্থী।
এর মধ্যে ১২টি উপজেলায় প্রার্থীর সংখ্যা ৪৫ জন। এগুলো হলো কুড়িগ্রামের চিলমারী (তিনজন) ও রৌমারী (পাঁচজন); গাইবান্ধা সদর (তিনজন); চাঁদপুরের কচুয়া (পাঁচজন); চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট (তিনজন); দিনাজপুর সদর (তিনজন); নওগাঁর মান্দা (তিনজন); নোয়াখালীর সেনবাগ (তিনজন); ময়মনসিংহের গৌরীপুর (তিনজন), ধোবাউড়া (পাঁচজন) ও ফুলবাড়িয়া (চারজন) এবং মানিকগঞ্জের ঘিওরে (পাঁচজন)।
জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘সাধারণত এ ধরনের নির্বাচনে তৃণমূলের নেতারা কথা শুনতে চান না। তবু আমরা চেষ্টা করছি, যাতে বিদ্রোহী প্রার্থীদের নিষ্ক্রিয় করা যায়। কেউ শৃঙ্খলা ভাঙলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিএনপির দুজন করে প্রার্থী রয়েছেন কিশোরগঞ্জ সদর; কুড়িগ্রাম সদর; চট্টগ্রামের সীতাকুণ্ড; টাঙ্গাইলের দেলদুয়ার ও ধনবাড়ী; নীলফামারী সদর; পিরোজপুরের নেছারাবাদ; ফরিদপুরের চরভদ্রাসন; ফেনীর দাগনভূঞা; বরিশালের বাবুগঞ্জ, মুলাদী ও হিজলা; বান্দরবান সদর ও আলীকদম; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর; রাজশাহীর গোদাগাড়ী ও দুর্গাপুর; লক্ষ্মীপুরের কমলনগর; শরীয়তপুর সদর; ময়মনসিংহের ফুলপুর; শেরপুরের শ্রীবর্দী এবং সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়।
প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জানান, বিএনপির জেলা কমিটির সভাপতি এ কে মোস্তাফিজুর রহমান দলের সিদ্ধান্ত ছাড়াই এককভাবে চিলমারী ও রৌমারীতে প্রার্থী মনোনয়ন দিয়েছেন। ফলে এই দুই উপজেলায় একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিরা জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নওগাঁর ধামুরহাটে বিএনপি প্রার্থী না দিয়ে জামায়াতকে সমর্থন দিয়েছে। তবে কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী; গাইবান্ধা সদর ও সাদুল্যাপুর; চাঁপাইনবাবগঞ্জ সদর; দিনাজপুর সদর ও নওয়াবগঞ্জ; নওগাঁর মান্দা; নীলফামারী সদর; ফরিদপুর সদর ও মধুখালী; বাগেরহাটের রামপাল; মৌলভীবাজারের বড়লেখা; যশোরের মনিরামপুর; লালমনিরহাটের আদিতমারী; শেরপুরের শ্রীবর্দী; সাতক্ষীরার কালীগঞ্জ এবং সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বিএনপির সঙ্গে জামায়াতের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।