খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে বিভিন্ন বেসরকারি সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করলেও তৃণমূল পর্যায়ে কোনো মডেল উপস্থাপন করতে পারেনি। গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে উন্নয়ন সমুন্নয় ও ওয়ার্ল্ড ওয়াইড কনসার্ন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বেসরকারি সংস্থাগুলোকে মঙ্গাপ্রবণ এলাকা বিশেষ করে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।‘উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের দ্বীপচরের অতি দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা’ শীর্ষক জাতীয় এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ন্যাশনাল চর অ্যালায়েন্সের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। আলোচনায় অংশ নেন সাংসদ শাহরিয়ার আলম, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন এবং ওয়ার্ল্ড ওয়াইড কনসার্নের দেশীয় পরিচালক এ কে এম মুসা। বিজ্ঞপ্তি।