প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হলেও দলের তৃণমূল নেতা-কর্মীদের ঐক্য ও সঠিক পদক্ষেপের কারণেই সেসব অপচেষ্টা নস্যাৎ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার গণভবনে ভোলা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।তৃণমূল নেতাদের বক্তব্যের পর প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে বলেন, শুধু উন্নয়নের দাবি জানালেই হবে না। গত তিন বছরের অর্জন জনসমক্ষে তুলে ধরতে হবে। একই সঙ্গে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, পঁচাত্তরের পর মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়।সভার সমাপনী বক্তব্যে আওয়ামী লীগের সভানেত্রী ২০০১ সালের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের সরকার অপারেশন ক্লিন হার্টের নামে অনেক নেতা-কর্মীকে হত্যা করে। গ্রামে গ্রামে মা-বোনদের ওপর অত্যাচার-নির্যাতন চালায়, যার চিহ্ন এখনো অনেকে বয়ে বেড়াচ্ছেন। তখন গোটা দেশই ছিল একটি নির্যাতনের ক্ষেত্র। তিনি বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারও ক্ষমতায় এসে অত্যাচার-নির্যাতন শুরু করে। তখন এমন কোনো শ্রেণী বা পেশার মানুষ ছিল না, যাদের তারা অত্যাচার করেনি।শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দলের নেতা এখন তত্ত্বাবধায়ক জপ করছেন। তখন এই তত্ত্বাবধায়ক সরকারই তাঁকে গ্রেপ্তার করেছিল, তাঁর ছেলেদের মেরে-ধরে দেশের বাইরে পাঠিয়েছিল। আমি বাইরে যাওয়ার পর আমাকেও তারা দেশে আসতে দিতে চায়নি। কিন্তু দেশবাসীর ঐক্যের কারণে আমি দেশে ফিরে আসি। যদি সে সময় দেশে না আসতাম, তাহলে আর গণতন্ত্র ফিরত না।’প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, তা নিয়ে গণমাধ্যমও অভিযোগ তুলতে পারেনি। নির্বাচন কমিশন, দুদক ও তথ্য কমিশনকে শক্তিশালী করা হয়েছে। সংবিধান সংশোধন করে নিশ্চিত করা হয়েছে, যাতে আর কেউ অবৈধভাবে ক্ষমতায় আসতে না পারে।সভায় তোফায়েল আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, সৈয়দ আশরাফুল ইসলাম, সতীশ চন্দ্র রায়, মাহবুব উল আলম হানিফ, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।