তৃণমূলের তথ্য জানাবেন ইনফোলিডাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) তৃণমূলের তথ্যপ্রবাহ এবং আউটসোর্সিং ও ই-কমার্স সম্প্রসারণের বিরাট সুযোগ তৈরি করেছে। ইউডিসি উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হলে প্রতিটি ইউনিয়নের ওয়েবসাইট, ইউআইএসসি ব্লগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে তৃণমূলের উন্নয়ন সংবাদ ও ফিচার প্রকাশিত হবে। এর ফলে তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার পাশাপাশি ইউডিসি উদ্যোক্তারা হয়ে উঠবেন একেকজন ইনফোলিডার।
গতকাল রোববার খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে খুলনা ও বরিশাল বিভাগের প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি ও তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির প্রোগ্রাম পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মশালায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন, জেলা প্রশাসক নাজমুল আহসান ও খুলনা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া বক্তব্য দেন। তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির সামগ্রিক কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) নির্বাহী সম্পাদক অলিউর রহমান।