তথ্যই মানুষকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতি হিসেবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তৃণমূলের তথ্যসেবা সম্পর্কে মানুষ এখনো জানতে পারছে না। প্রত্যন্ত অঞ্চলে তথ্যসেবার ফলে যে পরিবর্তন আসছে, তা তুলে ধরতে হবে।
‘তৃণমূলের তথ্য জানালা’ কর্মসূচির আওতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের প্রতিবেদন ও ফিচার লিখন এবং ই-কমার্স ও আউটসোর্সিং-বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে তিন দিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। সহযোগিতা দিচ্ছে তথ্যসেবা বার্তা সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচির আওতায় দেশের সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রায় ১০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্যোক্তাদের প্রতিবেদন তৈরি, ফিচার লিখন, ই-কমার্স ও আউটসোর্সিংয়ের প্রশিক্ষণের মাধ্যমে ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হবে। ইউএনও হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা, প্রশিক্ষক এস এম তৌহিদুর রহমান, সোহেল রানা প্রমুখ।