‘সরকারে আসার পর দলের সঙ্গে সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের দূরত্ব বেড়েছে। সুবিধাভোগী একটি শ্রেণী নেতাদের আস্থাভাজন হয়ে পড়ায় সাধারণ নেতা-কর্মীরা এখন সুবিধাভোগীদের দাপটে অসহায়। বর্ধিত সভায় এসব বিষয়ে আলোচনা ও দলকে শক্তিশালী করার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে আমাদের আশা ছিল, কিন্তু আসলে তার কিছুই হয়নি। কেবল আমন্ত্রণ পেয়ে আমরা এসেছি আর কোনো ফলাফল ছাড়াই ফিরে যাচ্ছি।’ বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়ার পর সভাস্থল থেকে বেরিয়ে গত শুক্রবার দুপুরে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা। শুক্রবার সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সভায় জেলা কমিটির ৭১ সদস্য ছাড়াও সাতটি সাংগঠনিক উপজেলার ২১ জন ও সহযোগী সংগঠনের নেতারা যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, যুগ্ম্রসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।সভায় উপস্থিত কয়েকজন নেতা নাম গোপন রাখার শর্তে প্রথম আলোকে বলেন, জেলার সব সাংগঠনিক কমিটি ও সহযোগী সংগঠনের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। ফলে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যেসব নেতা-কর্মী এখন সক্রিয় আছেন, তাঁরাও সাংসদদের অনুগত লোকজনের দাপটে কোণঠাসা হয়ে আছেন। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করলেও তা নিরসনের ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এসব কারণে দলের সঙ্গে নেতাদের দূরত্ব বেড়ে যাওয়ায় দল ক্রমশ জনবিচ্ছিন্ন প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার এ বিষয়ে বলেন, গত শুক্রবারের সভায় মূলত নেত্রীর গৃহীত জনকল্যাণমূলক কর্মসূচির যথাযথ বাস্তবায়ন এবং এসব কাজের সুফল জনগণের কাছে কীভাবে পৌঁছানো যায়, সেসব নিয়ে নেতারা দিকনির্দেশনা দিয়েছেন। যুগ্ম সম্পাদক আ. মোতালেব মৃধা বলেন, দল ক্ষমতায় এলে নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব বাড়ে, এটাই সারা দেশের বাস্তবতা। সভায় অনেকেই এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বক্তব্য দেন। সময়স্বল্পতার কারণে হয়তো অনেকে অনেক কথা বলতে পারেননি। সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘একটি বড় দল হিসেবে এখানে ক্ষোভ, অসন্তোষ তো থাকবেই। আমরা চেষ্টা করব ভবিষ্যতে এসব নিরসন করে দলকে শক্তিশালী করতে।’