সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন দলের পৌর কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন। দলীয় প্রার্থী হিসেবে শুধু তাঁর নামই পাঠানো হয় কেন্দ্রে। কিন্তু কেন্দ্র থেকে বাদ পড়েন তৃণমূলের বাছাই করা এই প্রার্থী।
এভাবে সিলেট বিভাগের ১৬ পৌরসভার তিনটিতে আওয়ামী লীগের তৃণমূল থেকে বাছাই করা প্রার্থী বাদ পড়েছেন। গোলাপগঞ্জের সৈয়দ মিছবাহ উদ্দিন ছাড়া জগন্নাথপুরের মিজানুর রশিদ ও কুলাউড়ার সফি আলম ইউনুছ বাদ পড়েন। গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। মনোনয়ন পেয়েছেন গোলাপগঞ্জে জাকারিয়া আহমদ, সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক পৌর মেয়র আবদুল মনাফ ও মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ কে এম শফি আহমদ সলমান।
তৃণমূলের বাছাই করা তিনজনের বাদ পড়া প্রসঙ্গে গতকাল বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘তৃণমূলের বাছাই-ই চূড়ান্ত প্রার্থী এমন কিন্তু ছিল না। এর মধ্যে অনেক হিসাব-নিকাশ ছিল। গোলাপগঞ্জ, কুলাউড়া ও জগন্নাথপুর থেকে যে তিনটি নাম গিয়েছিল, সেগুলো নিয়ে আরেক দফা যাচাই-বাছাই করে দেখা গেছে তৃণমূলের বাছাই ভুল ছিল। এঁদের বাদ দিয়ে নতুন নাম ঘোষণাকে সংশোধন বলা যায়। এটি করা হয়েছে দলের জয়ের জন্যই।’
যোগাযোগ করলে সৈয়দ মিছবাহ কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানান। দল না চাওয়ায় তিনি আর প্রার্থী না হওয়ার কথাও জানিয়ে দেন। অন্যদিকে জগন্নাথপুরের মিজান, কুলাউড়ার সফি আলম দলীয় মনোনয়ন পাওয়ার জন্য গতকাল বুধবার পর্যন্ত সর্বশেষ চেষ্টার কথা জানান।
তিন পৌর এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর ভাষ্য, কেন্দ্র আওয়ামী লীগের তৃণমূলের বাছাইকে তেমন গুরুত্ব দেয়নি। তাঁরা প্রার্থিতার জন্য তৃণমূলের কাছে কোনো আবেদনও করেননি। এ অবস্থায় তৃণমূলের বাদ পড়া প্রার্থীদের মধ্যে একধরনের হতাশা দেখা দিয়েছে।
আবার ওই তিন পৌরসভায় তৃণমূলের বাছাই স্থানীয় সাংসদ ও মন্ত্রীদের প্রভাবিত ছিল বলে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীর পক্ষের নেতা-কর্মীরা বলেন।
গোলাপগঞ্জ, কুলাউড়া ও জগন্নাথপুরে তৃণমূলে এ ধরনের প্রভাব ছিল জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে প্রার্থী বাছাইয়ে সংশ্লিষ্ট আওয়ামী লীগের একজন নেতা বলেন, জগন্নাথপুরে আবদুল মনাফ ২০০২ সালের পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি-সমর্থিত প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত নির্বাচনে তিনি বিএনপি-সমর্থিত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হারলেও এবার ছিলেন শক্তিশালী। এরপরও তৃণমূলে মূল্যহীন ছিলেন তিনি, বাদ পড়েন বাছাইয়ে।
তবে এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নন আবদুল মনাফ। একই মনোভাব গোলাপগঞ্জের জাকারিয়া ও কুলাউড়ার সলমানেরও। তাঁরা অভিন্ন সুরে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সকল স্তরের নেতা-কর্মী-সমর্থকদের প্রার্থী আমরা। কোনো পক্ষ-বিপক্ষ নয়, সবার সমান সহযোগিতা চাই।’