তৃণমূলের ভোট নিয়েও একক প্রার্থী পেল না আ.লীগ
উপজেলা পরিষদ নির্বাচনে একক চেয়ারম্যান প্রার্থী দিতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নেতারা ৩ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের ভোটের আয়োজন করেন। এতে বেশি ভোট পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসানকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্ত না মেনে দলের দুই নেতা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে কোন্দল কমেনি, বরং বেড়েছে। এ ছাড়া একাধিক প্রার্থী হওয়ায় উপজেলা নির্বাচনে দল পরাজিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় দফায় হরিপুরসহ ৮৩টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী ১৫ মার্চ। এই উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ ফেব্রুয়ারি।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশের সব জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশ পেয়ে ৩ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন, সাংসদ দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহম্মদ সাদেক কুরাইশি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হরিপুর উপজেলায় আওয়ামী লীগের একক প্রার্থী বাছাই করতে তৃণমূল পর্যায়ে ভোটের আয়োজন করেন। চেয়ারম্যান পদে সমর্থন পেতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম শামীম ফেরদৌস প্রতিদ্বন্দ্বিতা করেননি।
দলীয় সূত্রে আরও জানা গেছে, জিয়াউল হাসান ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তাই দল থেকে তাঁকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ওই সিদ্ধান্ত না মেনে ১৫ ফেব্রুয়ারি শেষ দিনে জামাল উদ্দিন ও এ কে এম শামীম ফেরদৌস মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জামাল উদ্দিন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে স্থানীয় সাংসদ ষড়যন্ত্র করে ইউনিয়ন কমিটিতে নিজের লোকজনকে বসিয়েছেন। দলের প্রার্থী বাছাইয়ের সময় আমি বলেছিলাম, সাংসদের হাতে গড়া কমিটির সদস্যের কাছ থেকে যদি ১০টি ভোট আদায় করতে না পারি, তবে প্রার্থী হব না। কঠোর নজরদারিতে থাকার পরও সাংসদের কাছের ৩৭ জন আমাকে ভোট দিয়েছেন। বিরোধীদের চ্যালেঞ্জের জবাব দিতেই আমি প্রার্থী হয়েছি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ফেরদৌস বলেন, ‘২০০৮ সালের সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে বর্তমান সাংসদ মো. দবিরুল ইসলাম জয়ী হলেও হরিপুরে প্রায় দেড় হাজার ভোটে হেরে যান। এ জন্য তিনি আমাকে দায়ী করেন। সেই ঘটনার সূত্র ধরে সাংসদ তাঁর পছন্দের লোকজনকে দিয়ে ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করেন। সাংসদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে আমাকে নিয়ে আওয়ামী লীগের একটি বড় অংশ ওই সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেয়। তাই সাংসদের পছন্দের লোকজন নিয়ে গঠন করা তৃণমূল কমিটির কাছে সমর্থন চেয়ে বিপদে পড়তে চাইনি। এ কারণে দলের ভেতরের ভোটে প্রার্থী না হয়ে সরাসরি মনোনয়নপত্র জমা দিয়েছি।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা পেয়ে হরিপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে তৃণমূল পর্যায়ে ভোটের মাধ্যমে একক প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। এর পরও যাঁরা ওই সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন জানান, ভাইস চেয়ারম্যান পদে তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু তৃণমূলের নেতারা তাঁকে সমর্থন দেননি। তাঁদের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তিনি আর নির্বাচন করেননি। কিন্তু এ সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের তিনজন প্রার্থী হওয়ায় নির্বাচনে তাঁদের জয়ী হওয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।