তৃণমূলের ভোটে প্রার্থী বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় সমর্থন দিতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত নেওয়া হচ্ছে। বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে মেয়র পদে একক প্রার্থী বাছাই করতে লালমনিরহাট ও সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটাভুটির আয়োজন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: লালমনিরহাট: নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের নির্বাচনী বোর্ডের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, অনেকেই দলীয় মনোনয়ন বা সমর্থন চেয়ে আবেদন করেছেন। তাঁদের মধ্যে কাকে দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন দেওয়া হবে তা নির্ধারণের জন্য ১২ ডিসেম্বর লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ভোটাভুটির আয়োজন করা হয়েছে। সেখানে পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করবেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, লালমনিরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য গোলাম মোস্তফা এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কমিশনার সেকেন্দার আলী চেষ্টা চালাচ্ছেন। তাঁদের মধ্যে গোলাম মোস্তফা ও মোফাজ্জল হোসেন সহোদর। রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সমর্থনপ্রত্যাশী চার নেতার মধ্যে সমঝোতা না হওয়ায় রায়গঞ্জে ভোটের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান জানান, প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একটি পৌর ও ওয়ার্ড বিএনপির মোট ২১৮ জন ভোটারের ভোটের মাধ্যমে একক প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ভোটাভুটি হবে। বিএনপির মনোনয়ন পেতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর সাঈদ সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার ও বিএনপি নেতা পৌরসভার বর্তমান কাউন্সিলর আবদুুল খালেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাকিমপুরে জামিল হোসেনের পক্ষে আ.লীগের সমর্থনহাকিমপুর (দিনাজপুর): হাকিমপুর পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন চূড়ান্ত করতে গতকাল বুধবার পৌর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ভোটাভুটির আয়োজন করে। কিন্তু বর্তমান পৌর মেয়র মো. কামাল হোসেন কার্যালয়ে না আসায় মনোনয়নপ্রত্যাশী অপর প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. জামিল হোসেনকে দলীয় একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। কামাল হোসেন এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে প্রথম আলোকে বলেন, ‘পৌর কমিটির কিছু ব্যক্তি এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারেন না।’ পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বলেন, কয়েক দিন ধরে সভা করেও মেয়র পদে দলীয় সমর্থন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে না পারায় পৌর আওয়ামী লীগ কমিটি গতকাল ভোটাভুটির সিদ্ধান্ত নেয়। ওই দুই প্রার্থীকে গতকাল দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কামাল হোসেন উপস্থিত না হওয়ায় ভোটাভুটি হয়নি। পরে কমিটি দুপুর ১২টায় জামিল হোসেনকে দলীয় সমর্থন জানায়। এদিকে জামিল হোসেন মেয়র পদে পৌর আওয়ামী লীগের সমর্থন পাওয়ায় তিনি একে প্রাথমিক বিজয় বলে মনে করেন।