তৃণমূলের প্রতিনিধিদের সরাসরি ভোটের মাধ্যমে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে দল-সমর্থিত প্রার্থী নির্বাচন করেছে বিএনপি। আর এই ভোটের পরপরই ভাইস চেয়ারম্যান পদে পরাজিত এক নেতার হামলায় গুরুতর আহত হয়েছেন বিজয়ী প্রার্থী।
জেলা বিএনপি সূত্র জানায়, ৩১ মার্চ অনুষ্ঠেয় টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী নির্ধারণ করতে সরাসরি ভোটের উদ্যোগ নেওয়া হয়। শহরের সন্তোষ এলাকায় সাবেক সাংসদ মাহমুদুল হাসানের বাসভবনে এ ভোটাভুটি হয়। ভোটে চেয়ারম্যান পদে সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, ভাইস চেয়ারম্যান পদে জেলা বিএনপির বিশেষ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লায়লা আক্তার বিজয়ী হন। নির্বাচন শেষে মাহমুদুল হাসানের বাসভবন চত্বরেই ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত জাহাঙ্গীর হোসেন ও তাঁর ছেলে ছাত্রদলের কর্মী সাজ্জাদ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে।
জাহাঙ্গীর হোসেনের ভাই ফারুক হোসেন জানান, ভাইস চেয়ারম্যান পদে অপর মনোনয়নপ্রত্যাশী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা তৃণমূলের ভোটে পরাজিত হয়ে এ হামলা চালান। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর হোসেনের পিঠে আঘাত করেন এবং তাঁর ছেলে সাজ্জাদকে ইট দিয়ে বেধড়ক পেটান। গুরুতর আহতাবস্থায় তাঁদের দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে সেলিম রেজার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।