তৃণমূলের সঙ্গে মিলে হামলা চালাচ্ছে জামায়াতের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করেছে, বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর বহু কর্মী পশ্চিমবঙ্গে গিয়ে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একটি অংশের সঙ্গে যোগ দিয়েছে৷ তারা বিজেপির কর্মীদের ওপর হামলা চালাচ্ছে৷ বিজেপির একটি প্রতিনিধিদল দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে দেওয়া এক প্রতিবেদনে এই অভিযোগ তুলেছে৷

বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি মুখতার আব্বাস নকভীর নেতৃত্বাধীন ওই প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের সন্দেশখালী এলাকা পরিদর্শন করে প্রতিবেদনটি তৈরি করে৷ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা উৎসবের আয়োজন করলে তাতে হামলা চালানো হয়৷ ওই ঘটনা তদন্তে গত ৩১ মে বাংলাদেশের সীমান্তসংলগ্ন সন্দেশখালী এলাকা পরিদর্শন করে নকভীর নেতৃত্বাধীন তদন্ত দল৷ ওই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় রাজনাথের কাছে৷
এ বিষয়ে গতকাল শনিবার ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিজেপি নেতাদের অভিযোগ, বাংলাদেশের জামায়াতে ইসলামীর মতো জঙ্গি-পৃষ্ঠপোষক মৌলবাদী সংগঠনের সঙ্গে তৃণমূল নেতৃত্বের যোগসাজশ নতুন ঘটনা নয়। বাংলাদেশের সাতক্ষীরা, রাজশাহী বা বগুড়ায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানের পরে জামায়াতের বহু কর্মী এ রাজ্যে পালিয়ে এসে তৃণমূল নেতাদের আশ্রয়ে কলকাতা ও পশ্চিমবঙ্গের নানা জায়গায় লুকিয়ে আছে। পঞ্চায়েত ও লোকসভার ভোটে তারা তৃণমূলের হয়ে গুন্ডামি ও সন্ত্রাস চালিয়েছে। বিজেপি নেতারা বলছেন, সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) জমানায় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও ভোটের কথা মাথায় রেখে কংগ্রেস সরকার কোনো পদক্ষেপ নেয়নি।