জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় আজ বৃহস্পতিবার বই উৎসবে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ের পাঠ্যপুস্তক পাচ্ছে না। গতকাল বুধবার পর্যন্ত পাঠ্যপুস্তক না পৌঁছায় ওই দুটি শ্রেণির শিক্ষার্থীদের শুধু বিজ্ঞান বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত-আটজন প্রধান শিক্ষক জানান, তাঁদের তৃতীয় ও পঞ্চম শ্রেণির বই দেওয়া হয়নি। দুটি শ্রেণির বইয়ের জন্য তাঁরা শিক্ষা কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেছেন। শিক্ষা কর্মকর্তা তাঁদের বলেছেন, দুটি শ্রেণির সব বই আসেনি।
গতকাল দুপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, চার-পাঁচজন প্রধান শিক্ষক তৃতীয় ও পঞ্চম শ্রেণির শুধু বিজ্ঞান বই নিয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক বলেন, তৃতীয় ও পঞ্চম শ্রেণির সব বই আসেনি। আজ তৃতীয় ও পঞ্চম শ্রেণির শুধু বিজ্ঞান বই দেওয়া হয়েছে। বই আসেনি এমন কথা বাইরে কাউকে বলতে নিষেধ করা হয়েছে।
উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে প্রতিটি বিদ্যালয়ে তৃতীয় ও পঞ্চম শ্রেণির একটি বিষয়ের পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে। এ ছাড়া অন্য শ্রেণিগুলোর বইয়ের কোনো সমস্যা হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) মৃণাল কান্তি সরকার প্রথম আলোকে বলেন, হরতালের কারণে গতকাল বুধবার পর্যন্ত তৃতীয় ও পঞ্চম শ্রেণির বই পৌঁছায়নি। বই উৎসবের জন্য পাশের নওগাঁ জেলা সদরের বাফার স্টক থেকে জরুরি ভিত্তিতে ওই দুটি শ্রেণির জন্য বিজ্ঞান বই আনা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে গতকালই (বুধবার) বিজ্ঞান বই পৌঁছানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ বলেন, এই উপজেলায় প্রাথমিকের দুটি শ্রেণির নতুন বই সরবরাহ পাওয়া যায়নি। কী কারণে এমনটা হলো, তা বলতে পারছি না। তবে বই উৎসবে সব শ্রেণির শিক্ষার্থীরাই নতুন পাঠ্যপুস্তক হাতে পাবে। এ উৎসবে তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একটি বিজ্ঞান বই দেওয়া হবে।
এ ব্যাপারে জানতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহার মুঠোফোনে সাত-আটবার কল করলেও তাঁকে পাওয়া যায়নি।