তৃতীয় কারও পক্ষে আগস্ট অভ্যুত্থান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড
মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড

সোভিয়েত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধানের কাছ থেকে সিআইএ পঁচাত্তরেই ইঙ্গিত পেয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘাতক মেজররা তৃতীয় ‘কোনো একজনের’ হয়ে ১৫ আগস্টের অভ্যুত্থান ঘটিয়েছিলেন। এ বিষয়ে সিআইএর প্রতিবেদন থেকে বিস্তারিত জানা যায়নি। পঁচাত্তরের ২৪ সেপ্টেম্বর সিআইএর প্রস্তুত করা ‘স্টাফ নোটস: সোভিয়েত ইউনিয়ন ইস্টার্ন ইউরোপ’ শীর্ষক একটি টপ সিক্রেট প্রতিবেদনের বরাতে সদ্য প্রকাশিত মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড বইয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সাংবাদিক মিজানুর রহমান খান তাঁর ওই বইয়ে উল্লেখ করেন যে রুশরা মনে করত, মুজিব হত্যাকাণ্ডে কোনো গুরুত্বপূর্ণ বৈদেশিক সংশ্লিষ্টতা নেই। তবে সোভিয়েতের মূল্যায়ন সম্পর্কে সিআইএ যথেষ্ট নিশ্চিত ছিল না। কারণ পঁচাত্তরের ২৪ সেপ্টেম্বরের ওই সিআইএ প্রতিবেদন বলেছে, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি মূল্যায়নের ক্ষেত্রে সোভিয়েতদের মনে দুই ধরনের বিষয় রেখাপাত করেছে বলে প্রতীয়মান হচ্ছে। ওরিয়েন্টাল স্টাডিজ ইনস্টিটিউটে পাকিস্তান-বাংলাদেশ সেকশনের সোভিয়েতপ্রধান সম্প্রতি একজন পশ্চিমা কর্মকর্তাকে বলেছেন, মুজিব ও অভ্যুত্থানের নেতাদের মধ্যকার একটি ব্যক্তিগত প্রতিহিংসার কারণে আগস্টের অভ্যুত্থান ঘটে। ওই কর্মকর্তা নতুন সরকারকে চীনের আগাম স্বীকৃতির বিষয়ে পুরোপুরি শিথিল মনোভাব দেখান এবং যুক্তি দেন যে অভ্যুত্থান সংঘটনের ফলে বাংলাদেশকে চীনা স্বীকৃতির বিষয়টি কয়েক মাস এগিয়ে এসেছে মাত্র।’ এ পর্যায়ে সিআইএ নিজস্ব মন্তব্য জুড়ে দেয় যে ‘অভ্যুত্থানকারীদের মধ্যকার ব্যক্তিগত প্রতিহিংসা অভ্যুত্থানের অন্যতম কারণ।’

সিআইএর প্রতিবেদন এরপরই উল্লেখ করে যে সোভিয়েত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধান অবশ্য ওই কর্মকর্তার চেয়ে কম আশাবাদী লাইন নিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে অভ্যুত্থান সংঘটনকারী মেজররা কেউ একজনের জন্য কাজ করছিলেন এবং তিনি কিছুটা উঁচু গলায় বিস্ময় প্রকাশ করে বলছিলেন যে তিন বছর অপেক্ষা করার পর চীন কেন এখন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা তাঁর বর্তমান চাকরিতে নতুন এবং তাঁর পেশাগত জীবনের বেশির ভাগ সময় দক্ষিণ এশীয় নয়, দূরপ্রাচ্য বিষয় নিয়ে কেটেছে। তাঁর ওই মন্তব্য অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে সোভিয়েত সরকারনিয়ন্ত্রিত প্রেসের কভারেজের সঙ্গে অধিকতর সংগতিপূর্ণ এবং সম্ভবত তাতে সোভিয়েত সরকারের অন্যান্য প্রভাবশালী ব্যক্তির মনোভাবেরও প্রতিফলন ঘটেছে।

সিআইএ আরও বলে যে মস্কো বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে এমনভাবে সম্পর্ক বজায় রাখছে, যেন কোনো কিছুরই পরিবর্তন ঘটেনি, আবার একই সঙ্গে তারা প্রচারণার এই ঢাকও পিটিয়ে চলেছে, যাতে নতুন বাঙালি সরকার মুজিবের অনুসরণ করা বিদেশনীতির কাছাকাছি থাকে।

পঁচাত্তরের ৬ অক্টোবর সিআইএর আরেকটি প্রতিবেদন বলেছে, ‘বাংলাদেশের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে পাকিস্তানি ও চীনা চুক্তির সাম্প্রতিক ঘোষণা সম্ভবত নয়াদিল্লি ও মস্কোতে কিছুটা উদ্বেগ সৃষ্টি করবে। একাত্তরের স্বাধীনতা থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের সঙ্গে পাকিস্তান বা চীন কারও কোনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। শেখ মুজিবুর রহমানের অনেকাংশে ব্যক্তিগত শাসনামলে, যা একাত্তর থেকে আগস্টের অভ্যুত্থান পর্যন্ত টিকে ছিল, ভারত ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। অভ্যুত্থান-পরবর্তী সরকার গুরুত্ব দিয়ে বলেছে যে একটি অধিকতর “ভারসাম্যপূর্ণ” বৈদেশিক নীতি অনুসরণ তাদের লক্ষ্য। ঢাকায় এই পরিবর্তনকে ইসলামাবাদ ও পিকিং স্বাগত জানিয়েছে। এবং আগাম কূটনৈতিক মিশন বিনিময়ের বিষয়টি প্রত্যাশিত ছিল। ঢাকার নাটকীয় বৈদেশিক নীতি পরিবর্তন থেকে উদ্ভূত সোভিয়েত আশঙ্কা প্রশমিত করতেই সম্ভবত মস্কোতে একজন বিশেষ দূত পাঠানো হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকার সঙ্গে উন্নত সম্পর্কের ফলে সম্ভাব্য অর্থনৈতিক ফায়দা ছাড়াও ভারত সম্ভবত একটি রাজনৈতিক আঘাত পেয়েছে, এটা দেখেও সন্তুষ্টি পেতে পারেন।’

সিআইএর এই প্রতিবেদনে দাবি করা হয় যে ‘চীন অভ্যুত্থান-পরবর্তী সময়ে মূলত পাকিস্তানের পীড়াপীড়িতেই ঢাকার সরকারকে স্বীকৃতি দিয়েছিল। চীনারা এখন বাঙালি কর্মকর্তাদের বলছেন, সম্পর্ক প্রতিষ্ঠায় প্রথম হওয়ার বাসনায় তারা পাকিস্তানের মনোভাব জানার জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানি ও চীনা চুক্তিসমূহের বিস্তারিত বিষয়গুলো বাংলাদেশি ও চীনা পররাষ্ট্রমন্ত্রী এবং ভুট্টোর শীর্ষ বৈদেশিক নীতি উপদেষ্টা জাতিসংঘে বসে চূড়ান্ত করেছেন। বাঙালিরা চীনের কাছ থেকে দীর্ঘ সময় ধরে বর্ধিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সহায়তা পাওয়ার আশা করছে।’

১৯৭৫ সালের ১০ অক্টোবর সিআইএর অপর একটি প্রতিবেদনে বলা হয়, ‘বাঙালিরা এটা দেখাতে সতর্ক থাকবে যে পাকিস্তান ও চীনের সঙ্গে নতুন সম্পর্কের গুরুত্বকে তারা বড় করে দেখছে না। কারণ, ভারতের দিক থেকে একটা শক্তিশালী প্রতিক্রিয়া যাতে না ঘটে, সেটা তারা চাইবে। ভারত ইতিমধ্যে নতুন সরকারের বিদেশি বন্ধু খোঁজার প্রবণতা সম্পর্কে উদ্বেগ অনুভব করতে শুরু করেছে। মোশতাক দৃশ্যত বাংলাদেশে ভারতের উদ্দেশ্য নিয়ে শঙ্কিত এবং তাই ভারত ও সোভিয়েত ইউনিয়নকে আশ্বস্ত করতে তিনি পুনঃপুন উদ্যোগ নিয়েছেন।’

বই পরিচিতি: মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড, মিজানুর রহমান খান, প্রথমা প্রকাশন, আগস্ট ২০১৩।