তৃতীয় কোনো দেশে যেতে চায় রোহিঙ্গা শরণার্থীরা
রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজার থেকে তাদের ক্যাম্প সরিয়ে না নেওয়ার দাবি জানিয়েছে। সেই সঙ্গে তৃতীয় কোনো দেশে স্থায়ীভাবে নিজেদের পুনর্বাসনেরও দাবি জানায় তারা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এ সময় রোহিঙ্গারা তাঁর কাছে এই দাবির কথা জানায়।
মজীনা শরণার্থীদের বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমারের প্রেসিডেন্টকে একাধিকবার অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আন্তর্জাতিকভাবেও রকমের চাপ দেওয়া হচ্ছে। কিন্তু মিয়ানমার তাতে কোনো কর্ণপাত করছে না।
দুপুর সাড়ে ১২টার দিকে মজীনা কক্সবাজার থেকে সড়কপথে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে যান। শিবিরটিতে বর্তমানে ১০ হাজার ২৩০ জন রোহিঙ্গা বাস করছে। আশপাশের পাহাড়ি এলাকায়ও আরও অন্তত এক লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে থাকছে।
পরিদর্শন শেষে বিকেল পাঁচটার দিকে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় হোপ হাসপাতালের মাঠে ৭৫ শয্যার হোপ মেটারনিটি ও ফিস্টুলা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মজীনা।