তৃতীয় টার্মিনাল নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে এগিয়ে যাওয়ার জন্য এবং ক্রমবর্ধমান যাত্রীদের চাপ সামলাতে দ্রুতগতিতে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সকালে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া জোরদার করতে রাশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর ইউএনবি ও বাসসের।
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, দ্বিতীয় রানওয়ে এবং অন্যান্য অবকাঠামো নির্মাণে প্রাথমিক সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন ও খসড়ার মূল পরিকল্পনা বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন উপস্থাপনকালে শেখ হাসিনা ওই নির্দেশ দেন। একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান সম্ভাব্যতা যাচাই ও পরিকল্পনা তৈরি করেছে। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকে অন্যদের মধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মন্ত্রণালয়ের সচিব আলম চৌধুরী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক উপস্থিত ছিলেন।
গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলাভ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া জোরদার করতে রাশিয়ার সরকারের প্রতি ওই আহ্বান জানান। পরে তাঁর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে দেওয়া তাঁর দেশের প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের একটি পত্র হস্তান্তর করেন। পত্রে রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গতিশীল উন্নয়ন সম্প্রতি এক নতুন মাত্রায় পৌঁছেছে।’
শেখ হাসিনা দূতের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে শুভেচ্ছা জানান। নিকোলাভ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গত ছয় বছরে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ এর আগে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু কোম্পানি রোসাটমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। রাশিয়া এই চুক্তির অধীনে প্ল্যান্ট স্থাপনে সব ধরনের সহায়তা দেবে। প্ল্যান্টের দুটি ইউনিট স্থাপনে ২৬২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
অর্থ-সহায়তার চেক প্রদান: শেখ হাসিনা গতকাল খেতাবপ্রাপ্ত আট মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্য ও উত্তরসূরিদের কাছে তাঁদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে তাঁর কার্যালয়ে দুই বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এবং হামিদুর রহমানের পরিবারের সদস্য ও উত্তরসূরিরা এবং ছয় বীর প্রতীক ও তাঁদের পরিবারের সদস্যরা চেক গ্রহণ করেন।