তৃতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ৩২২
মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিনে গতকাল মঙ্গলবারও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। এ দিন মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৩২২টি। আয় হয়েছে ৮০ লাখ ৫০ হাজার টাকা। গত তিন দিনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে এক হাজার ৪৭৬টি এবং আয় তিন কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৭২ জন। ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া চলবে।
তৃতীয় দিনে নড়াইল-১ আসন থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র কেনেন দলের জেলা সভাপতি সুভাষ চন্দ্র বোস। এর আগে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে দলের সভানেত্রীর পক্ষে মনোনয়নপত্র কেনা হয়।
গতকাল ঢাকা বিভাগ থেকে কাজী জাফর উল্যাহসহ ১১৫ জন; রাজশাহী বিভাগ থেকে আবদুল মান্নানসহ ৩২ জন; চট্টগ্রাম বিভাগ থেকে ওবায়দুল কাদের, আবদুল মতিন খসরুসহ ৫৬ জন; রংপুর বিভাগ থেকে মোস্তাফিজুর রহমানসহ ২৪ জন; সিলেট বিভাগ থেকে নুরুল ইসলাম নাহিদসহ ২৭ জন; খুলনা থেকে ৩৪ এবং বরিশাল থেকে ৩৪ জন মনোনয়নপত্র কেনেন।