তৃতীয় দিনেও সহিংসতা, নিহত ছাত্রলীগের কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার নরসিংদীতে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছেন ছাত্রদলের কর্মীরা। এ নিয়ে গত তিন দিনে ১৯ জন নিহত হয়েছেন।

এর বাইরে গত দুই দিনের মতো দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেললাইন যথারীতি ছিল নাশকতার মূল লক্ষ্য। জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি। ঢাকায় সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাসেও আগুন দেওয়া হয়।

গতকাল রাত সাড়ে আটটার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের ব্যবসায়িক কার্যালয়ে একটি বর্ধিত সভা চলছিল। অবরোধের সমর্থনে মিছিল করে এসে পৌর ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে হামলা চালান। এরপর তাঁরা উপজেলা ছাত্রলীগের সদস্য আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করেন। হামলায় উপজেলা ছাত্রলীগের সদস্য শহিদুল ইসলাম ও ইয়াসিন মোল্লা গুরুতর আহত হন।

 পটুয়াখালী-বরিশাল মহাসড়কের তেলিখালী এলাকায় ভোর থেকেই বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দেন। পুলিশ ও র‌্যাবের সদস্যরা তাঁদের হটানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ৫০টি গুলি ছোড়ে। পাঁচ পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন।

সিলেটের বিয়ানীবাজার ও নগরের হুমায়ুন রশিদ চত্বরে পুলিশের সঙ্গে ১৮ দলের কর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হন। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ১৮ দলের কর্মীরা ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, জনতা ব্যাংকসহ অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেন।

গতকাল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় অবরোধকারীরা পুলিশের সাঁজোয়া যানে হামলা করেছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুই পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হন।

 নগরের চারখোটার মোড়ে গুলিতে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাতে নগরের বিনোদপুর এলাকায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রাজবাড়ীর নতুন বাজারের পাশে জেলখানার সামনে বুধবার রাতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সকালে সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও বিএনপির কর্মীদের সংঘর্ষ হয়। আহত হন কমপক্ষে ৩০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। ঢাকা জেলা মহিলা দলের নেতা-কর্মীরা সাভারের বিশমাইল এলাকায় কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।

মাদারীপুরের শিবচরে অবরোধের মধ্যে সিমেন্টবোঝাই একটি ট্রাক পুড়িয়ে দিয়েছেন অবরোধকারীরা।

চাঁদপুরে আগুন দিয়ে রেললাইন অবরোধের পাশাপাশি লঞ্চে হামলা চালিয়েছেন অবরোধকরীরা। চাঁদপুর লঞ্চঘাটে ভেড়ানো ‘ঈগল’ লঞ্চে হামলা চালান ছাত্রদলের কর্মীরা। চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা, মহামায়াসহ জেলার ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক অবরোধ করেন পিকেটাররা।

যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জামায়াত নেতা আবু সিদ্দিকী বুলবুলের লাশ নিয়ে হরতালের মধ্যে মিছিল করেছেন জোটের নেতা-কর্মীরা। অবরোধ চলাকালে নেতা-কর্মী নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা বিএনপি ও জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।

নোয়াখালীর মাইজদী, সোনাপুর, দত্তেরহাট, রশিদ কলোনিসহ বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা।

লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে তিন পুলিশসহ ১৬ জন আহত হন। বগুড়ায় মধ্যরাতে ৭২ ফুট রেললাইন কেটে ট্রেনে নাশকতার চেষ্টা করা হয়। টঙ্গীতেও জামায়াত-শিবিরের কর্মীরা রেলপথ অবরোধ করেন। নওগাঁর আত্রাইয়ে রেললাইন কেটে ফেলেছেন অবরোধকারীরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই কিলোমিটার রেললাইন উপড়ে ফেলা হয়। এ সময় সেখানে থাকা একটি ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত ট্রেনকে লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়।

গতকালও সংবাদকর্মীদের ওপর হামলা হয়েছে। বগুড়ায় আরটিভির গাড়িতে হামলা ও ভাঙচুরের পর পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। নোয়াখালীতে পত্রিকাবাহী গাড়ি আটকে দেওয়া হয়।