তৃতীয়বারের মতো ওয়াটার বাসের আনুষ্ঠানিক যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সদরঘাট-গাবতলী নৌপথে আবারও চালু হলো ওয়াটার বাস। এ নিয়ে তৃতীয়বারের মতো উদ্বোধন করা হলো এর কার্যক্রম।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গাবতলী এলাকার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ল্যান্ডিং স্টেশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আগে দুবার সম্পূর্ণ সরকারি বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে চললেও এবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত প্রতি ৪৫ মিনিট পরপর গাবতলী ও সদরঘাট থেকে একটি করে ওয়াটার বাস ছেড়ে যাবে। যাত্রীপ্রতি ভাড়া গাবতলী থেকে বসিলা ২৫ টাকা, খোলামোড়া ৩০ ও সোয়ারীঘাট ৩৫ টাকা এবং বাদামতলী ও সদরঘাট পর্যন্ত ৪০ টাকা। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া (এক ল্যান্ডিং স্টেশন থেকে পরের স্টেশন) ১০ টাকা।
এ সেবা সম্পর্কে গাবতলীর বাসিন্দা রসুল মিয়া বলেন, ‘এ পথে সোয়ারীঘাট বা সদরঘাটে যানজট ছাড়া সহজে যাওয়া যাবে। তবে এ ভাড়া আমাদের মতো শ্রমজীবী মানুষের জন্য অনেক বেশি।’
ভাড়া সম্পর্কে মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘ভালো ও আরামদায়ক পরিবহনে সব সময় ভাড়া বেশি। নির্ধারিত ভাড়ার পরও যাত্রীপ্রতি ভর্তুকি দিতে হবে ২০ থেকে ২৫ টাকা। আমরা ভর্তুকি দিয়ে হলেও এ সেবা চালু রাখতে চাই।’
রাজধানীর বৃত্তাকার নৌপথের সদরঘাট-গাবতলী প্রথম পর্বের দূরত্ব ২৯ কিলোমিটার। ভবিষ্যতে এ কার্যক্রম আশুলিয়া ও শ্যামপুর পর্যন্ত বিস্তৃত হবে। এ জন্য প্রতিস্থাপন করতে হবে রাজধানীর ১৩টি সেতু।
২০০৪ সালে প্রথমবারের মতো ওয়াটার বাসের যাত্রা। কিন্তু মাস খানেক চালু থাকার পর তা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় ২০১০ আগস্টে। এ যাত্রায় টেকে মোটে ১১ মাস। ওই বছর এ সেবা চালু রাখতে ভারত থেকে ১০টি ওয়াটার বাস আনার বন্দোবস্ত চূড়ান্ত হলেও তা বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে নৌমন্ত্রী গতকাল বলেন, দুটি বাস দিয়ে সময়সূচি ঠিক রাখতে না পারা এবং সরকারি সহযোগিতার অভাবে তখন এ সেবা বন্ধ হয়।
এবার এ সেবা কার্যক্রমে থাকছে পুরোনো দুটি বাসসহ নতুন চারটি ওয়াটার বাস। নতুন চারটি বাস তৈরি করেছে কেরানীগঞ্জের ঢাকা ডকইয়ার্ড লিমিটেড। এ বাসগুলোর প্রতিটির দৈর্ঘ্য ১৯ মিটার, প্রস্থ সাড়ে চার মিটার, আসনসংখ্যা ৮০টি ও গতিবেগ ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান জানান, আগামী সেপ্টেম্বর নাগাদ বর্তমান ছয়টির সঙ্গে আরও চারটি ওয়াটার বাস এই রুটে চালু করা হবে। তখন প্রতি ২০ মিনিট পর পর একটি করে বাস ছাড়া সম্ভব হবে।