তৃতীয়বারের মতো প্রধান শিক্ষকের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে শিক্ষক নিয়োগ এবং উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী এবং অভিভাবকেরা ওই শিক্ষকের অপসারণের দাবিতে তৃতীয়বারের মতো দাবি জানান ।
গাংনী গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বানে বিদ্যালয়ের সামনে মঙ্গলবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলে। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম অভিযোগ করেন, প্রধান শিক্ষক আবদুল মান্নান নিয়োগের শর্ত ও যোগ্যতার তোয়াক্কা না করে নিজের ছেলেসহ তিনজন নতুন শিক্ষককে নিয়োগ দিয়ে ১০ লাখ টাকার দুর্নীতি করেছেন। এ ছাড়া তিনি উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে তিনি বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী জজ আদালতে মামলা করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, আবদুল বারী, আবু বক্কর, অভিভাবক ইকতার আলী, আলতাব হোসেন, মফিজুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ ও বিচার চেয়ে স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে আবদুল মান্নান বলেন, ম্যানেজিং কমিটির কিছু সদস্যের পছন্দের ব্যক্তিদের শিক্ষক পদে চাকরি না দেওয়ায় তারা গ্রামবাসী ও ছাত্রদের তাঁর বিরুদ্ধে আন্দোলনে উসকে দিয়েছে। তিনি শিক্ষক নিয়োগে কোনো দুর্নীতি এবং উপবৃত্তির অর্থ আত্মসাৎ করেননি।
একই দাবিতে গত নভেম্বর মাসে ছাত্ররা প্রধান শিক্ষককের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। এরপর আবার একবার এলাকাবাসী বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।